দীর্ঘ ৪২ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে ডিসি কমিকসের জনপ্রিয় নারী সুপারহিরো ‘সুপারগার্ল’। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘সুপারগার্ল’ সিনেমার পর নতুন প্রজন্মের দর্শকদের জন্য একেবারে নতুন আঙ্গিকে নির্মিত হয়েছে চরিত্রটির প্রত্যাবর্তনের গল্প। আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি পাবে ২৬ জুন।

নতুন ‘সুপারগার্ল’ পরিচালনা করেছেন ক্রেইগ গিলেস্পি। এতে কারা জোর-এল বা সুপারগার্ল চরিত্রে অভিনয় করেছেন মিলি অ্যালকক। তার সঙ্গে আরও রয়েছেন ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট এবং জেসন মোমোয়া।

১৯৮৪ সালের ‘সুপারগার্ল’ সিনেমাটি ছিল সুপারম্যান ফ্র্যাঞ্চাইজির একটি স্পিন-অফ। তবে মুক্তির পর বক্স অফিস ও সমালোচকদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পায়নি। ফলে দীর্ঘ সময় ধরে নারী সুপারহিরোকে কেন্দ্র করে বড় বাজেটের চলচ্চিত্র নির্মাণে এক ধরনের অনীহা দেখা যায়।

নতুন সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহের অন্যতম কারণ মিলি অ্যালকক। জনপ্রিয় সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’-এ অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন। এছাড়া সুপারম্যানকে ঘিরে সাম্প্রতিক ডিসি প্রকল্পে তার সংক্ষিপ্ত উপস্থিতিও দর্শকদের নজর কাড়ে।

এবারের গল্পে সুপারগার্লকে দেখা যাবে আগের চেয়ে অনেক বেশি পরিণত, কঠোর এবং বাস্তববাদী রূপে। ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে বেড়ে ওঠা কারা জোর-এলের জীবন পৃথিবীতে বেড়ে ওঠা সুপারম্যানের চেয়ে অনেক বেশি কঠিন ছিল। সেই অতীতই তার ব্যক্তিত্ব ও সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।

গল্পের এক পর্যায়ে নিজের বিশ্বস্ত সঙ্গী কুকুর ক্রিপ্টোকে নিয়ে মহাকাশ অভিযানে বের হয় সুপারগার্ল। সেখানে তার পরিচয় হয় রুথি নামের এক কিশোরীর সঙ্গে, যার পরিবারকে হত্যা করেছে এক ভয়ংকর দস্যু নেতা। এরপর প্রতিশোধ ও ন্যায়বিচারের সন্ধানে তারা এক বিপজ্জনক আন্তঃগ্যালাক্টিক যাত্রায় অংশ নেয়।

সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ হলো কমিকসের জনপ্রিয় চরিত্র লোবোর লাইভ-অ্যাকশন অভিষেক। মহাকাশের ভয়ংকর ভাড়াটে শিকারি চরিত্রটিতে অভিনয় করেছেন জেসন মোমোয়া, যা কমিকসপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।

পরিচালক ক্রেইগ গিলেস্পি জানিয়েছেন, গল্প ও চরিত্র নির্মাণে কমিকসের মূল ভাবনাকে যতটা সম্ভব অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে এটি শুধু একটি একক সুপারহিরো চলচ্চিত্র নয়, বরং ডিসির নতুন সিনেমাটিক ইউনিভার্সের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। ডিসি স্টুডিওসের প্রধান জেমস গান সুপারম্যানের পাশাপাশি সুপারগার্লকেও ভবিষ্যৎ ডিসি ইউনিভার্সের অন্যতম কেন্দ্রীয় নায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে চান।