ভারতে শিক্ষা খাতে অনিয়ম ও আন্দোলনের জেরে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটির নিট (NEET) পরীক্ষা জালিয়াতির অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে মুম্বাই থেকে গ্রেপ্তার হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদ।

ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত নিট পরীক্ষা জালিয়াতিবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত সোমবার (২০ জুলাই) মুম্বাইয়ের চৈত্যভূমি এলাকায় বিক্ষোভ সমাবেশ চলছিল। সেই জমায়েত থেকেই পুলিশ ফাহাদ আহমেদসহ একাধিক আন্দোলনকারীকে আটক করে মাহিম থানায় নিয়ে যায়।

স্বামীকে আটকের পরপরই সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী স্বরা ভাস্কর। ক্ষোভ প্রকাশ করে ঘটনাটিকে ‘গণতন্ত্রের জন্য লজ্জাজনক’ বলে আখ্যা দেন তিনি। ভিডিওতে দেখা যায়, উপস্থিত বিক্ষোভকারীদের সঙ্গে ফাহাদকেও টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে দিল্লির যন্তর মন্তরেও আন্দোলনকারীদের ‘সংসদ অভিযান’ ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে আন্দোলনকারীরা পুলিশি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে টিয়ারগ্যাস, জলকামান ও লাঠিচার্জের মতো কঠোর পদক্ষেপ নেয় দেশটির আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এই সংঘাতময় পরিস্থিতির মাঝে পড়ে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিও অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।

ফাহাদ আহমেদসহ অন্যান্য আন্দোলনকারীদের এই আকস্মিক গ্রেপ্তারের ঘটনায় সরব হয়েছেন বলিউডের একাংশ। ভূমি পেডনেকর, হুমা কুরাইশি, সোনাক্ষী সিনহা, দিলজিৎ দোসাঞ্জ, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি'সুজা এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নন্দিতা দাসের মতো তারকারা সামাজিক মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা স্পষ্ট জানান, একটি গণতান্ত্রিক দেশে সরকারের কাছে সাধারণ নাগরিকদের প্রশ্ন তোলা ও প্রতিবাদ করার পূর্ণ অধিকার রয়েছে। আন্দোলন দমন করতে বলপ্রয়োগের পথ ছেড়ে সরকারের দ্রুত শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জোর দাবি জানান তাঁরা।