টালিউডের স্পষ্টভাষী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বরাবরই নিজের মন্তব্যে অনড়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান সমাজব্যবস্থা এবং মানুষের মানসিকতা নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। স্বস্তিকা জানান, শৈশব থেকে পাড়া-প্রতিবেশীদের প্রতি যে ‘মামা’ বা ‘কাকা’ সম্বোধনের আন্তরিকতা দেখে তিনি বড় হয়েছেন, মায়ের মৃত্যুর দিনটিতে সেই ধারণা আমূল বদলে যায়। অভিনেত্রীর কথায়, "মায়ের মৃত্যুর পরদিন সকালেই এক প্রতিবেশী যখন জানতে চান মরদেহ দাহ করা হয়েছে কি না, সেটি আমার জন্য ‘আই ওপেনার’ ছিল। সেদিন থেকেই বুঝেছি, এখনকার পৃথিবীটা আসলে ভীষণ আত্মকেন্দ্রিক।"
বর্তমান সময়ের ডিজিটাল বিপ্লব নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি এই অভিনেত্রী। তার মতে, এখনকার যাবতীয় প্রতিবাদ বা বিপ্লব কেবল সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ, কারণ এতে কোনো পরিশ্রম লাগে না। মানুষের এই অনলাইন তৎপরতাকে মেকি আখ্যা দিয়ে তিনি বলেন, "ভিউজ যদি বাস্তবে প্রতিফলিত হতো, তবে প্রতিটি বাংলা সিনেমা ২০ কোটি টাকার ব্যবসা করত।" এছাড়া নতুন পরিচালকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতায় তিনি জানান, আইডিয়া ভালো হলেও কারিগরি জ্ঞানের অভাবে অনেক সময় কাজে সমস্যা হয়, আর সেক্ষেত্রে সেটে কড়া শাসন করতেও পিছপা হন না তিনি।
নারী ক্রিকেটারদের সাফল্যের প্রসঙ্গ টেনে সমাজের লিঙ্গবৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন স্বস্তিকা। তিনি আক্ষেপ করে বলেন, বিশ্বকাপজয়ী দলকে আমরা ‘ইন্ডিয়ান ক্রিকেট টিম’ না বলে ‘মহিলা ক্রিকেট টিম’ বলে আলাদা করি। আসলে সবকিছুর আগে ‘মহিলা’ ট্যাগ লাগিয়ে আমাদের আলাদা করে রাখা হয়। সবশেষে ট্রোলিং নিয়ে নিজের নতুন পরিকল্পনার কথা জানান তিনি। অভিনেত্রীর ২০২৬ সালের মূল সংকল্প হলো ট্রোলারদের সম্পূর্ণ উপেক্ষা করা। যদিও এ বছরে ইতিমধ্যে দুবার উত্তর দিয়ে ফেলেছেন, তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান স্বস্তিকা।