এইচবিওর জনপ্রিয় সিরিজ Euphoria-এর সমাপ্তির পর আলোচিত চরিত্র ‘ক্যাসি’ এবং সিরিজ ঘিরে বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী Sydney Sweeney। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্যাসি শুধু একটি চরিত্র নয়, বরং তার অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেওয়া একটি অধ্যায়।

সিডনি বলেন, ২০১৯ সালে সিরিজটি শুরু হওয়ার সময় এত জটিল ও বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের সুযোগ তিনি আগে পাননি। প্রতিটি মৌসুম শেষে তার মনে হতো, হয়তো এটাই ক্যাসির সঙ্গে শেষ দেখা। তৃতীয় মৌসুম শেষ হওয়ার পরও চরিত্রটির ভবিষ্যৎ নিয়ে তিনি এখনো ভাবেন বলে জানান।

অভিনেত্রীর মতে, ‘ইউফোরিয়া’ ছিল তার জন্য ঘরের মতো একটি জায়গা। এই সিরিজের মাধ্যমেই তিনি অভিনয়শিল্পী হিসেবে নিজের পরিচয়কে নতুনভাবে খুঁজে পেয়েছিলেন। পরবর্তীতে একাধিক সফল প্রজেক্টে কাজ করলেও সিরিজটিতে ফিরে আসা সবসময়ই বিশেষ অনুভূতির ছিল।

তৃতীয় মৌসুমে ক্যাসিকে ঘিরে বেশ কিছু দৃশ্য দর্শকদের মধ্যে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। বিশেষ করে চরিত্রটির অতিরঞ্জিত আবেগ ও যৌনতা-নির্ভর উপস্থাপন নিয়ে প্রশ্ন ওঠে। তবে সিডনির দাবি, এসব দৃশ্য চরিত্রটির মানসিক অবস্থা বোঝানোর জন্যই ব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্যাসি আসলে ভালোবাসার চেয়ে ভালোবাসার ধারণার পেছনে ছুটেছে। শৈশব ও পারিবারিক অভিজ্ঞতার কারণে সে কখনো সুস্থ সম্পর্কের অর্থ বুঝতে পারেনি, যা তার সিদ্ধান্ত ও আচরণকে প্রভাবিত করেছে।

সাক্ষাৎকারে যৌনায়ন বিতর্ক নিয়েও কথা বলেন সিডনি। তার মতে, অনেকেই ক্যাসিকে যৌন বস্তু হিসেবে দেখানোর সমালোচনা করলেও বাস্তবে একইভাবে তাকে বিচার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার শরীর, পোশাক বা পর্দার দৃশ্য নিয়ে যে আলোচনা হয়েছে, তা তাকে কষ্ট দিয়েছে বলেও স্বীকার করেন তিনি।

তবে ভবিষ্যতে দর্শকরা নতুন দৃষ্টিতে সিরিজটিকে মূল্যায়ন করবেন বলে আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তার বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে ‘ইউফোরিয়া’ এবং ক্যাসি চরিত্র নিয়ে বর্তমান বিতর্কের বাইরে গিয়ে আরও গভীর বিশ্লেষণ করা হবে।