তাপসী পান্নু এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ের পর তার জীবনে তেমন কোনো নাটকীয় পরিবর্তন আসেনি। বরং তিনি একে বাড়তি কোনো দায় বা চাপ হিসেবেও দেখেন না। প্রায় এক দশকের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় নতুন করে মানিয়ে নেওয়ার ঝামেলাও হয়নি।
তার কথায়, অনেক সময় তিনি নিজেই ভুলে যান যে তিনি এখন বিবাহিত। জীবন ঠিক আগের মতোই চলছে। বিয়ের আগে তার একটাই শর্ত ছিল, তাদের সম্পর্কের রসায়ন যেন বদলে না যায়। বাস্তবেও সেটাই হয়েছে বলে জানান তিনি।
২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ডেনমার্কের ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বো-র সঙ্গে প্রথম পরিচয় হয় তাপসীর। এরপর দীর্ঘ ১১ বছর তারা সম্পর্ককে আড়ালেই রেখেছিলেন। শেষ পর্যন্ত ২০২৪ সালের মার্চে ভারতের উদয়পুরে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। শুরুতে বিষয়টি গোপন থাকলেও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিয়ের ছবি ও ভিডিও।
ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্নধর্মী চরিত্র বেছে নেওয়ার জন্য পরিচিত তাপসী। সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত চলচ্চিত্র ‘আসসি’ দর্শক ও সমালোচকদের প্রশংসা পাচ্ছে। পরিচালক অনুভব সিনহা এই সিনেমায় অভিনয়ের মাধ্যমেও তিনি আবারও নিজের স্বতন্ত্র অবস্থান প্রমাণ করেছেন। ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রেই নিজের শর্তে এগিয়ে যেতে চান এই অভিনেত্রী।