ভালোবাসার মৌসুমে নতুন জীবনের পথে পা রাখলেন কলকাতার অভিনেত্রী তানিয়া মুখোপাধ্যায়। ভালোবাসা দিবসের ঠিক আগেই, ৮ ফেব্রুয়ারি ‘প্রপোজ ডে’-তে প্রেমিক সুচেতক করের সঙ্গে বাগদান সারলেন তিনি। সমুদ্র সৈকতে ঘরোয়া পরিবেশে আংটি বদল করে তাঁদের এই বিশেষ দিনটি আরও স্মরণীয় করে তুলেছেন দুজনেই।

বাগদানের মুহূর্তের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তানিয়া ও সুচেতক। ছবিগুলো যেন রূপকথার গল্পের মতো। নীল সমুদ্র আর খোলা আকাশের মাঝে তাঁদের ভালোবাসার সেই মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। ইনস্টাগ্রামে তানিয়া লেখেন, ‘স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু আমি সেই স্বপ্নে তোমাকে চাই।’

দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন তানিয়া ও সুচেতক। সামাজিক মাধ্যমে তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি আগেও নজর কেড়েছে দর্শক ও নেটিজেনদের। এবার সেই সম্পর্কই এগোল নতুন ধাপে। যদিও বাগদান সম্পন্ন হলেও কবে বিয়ে, সে বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।

বর্তমানে তানিয়াকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-তে। সেখানে ‘ইনকা’ চরিত্রে মুখ্য খলনায়িকার ভূমিকায় তিনি দর্শকদের মধ্যে বেশ আলোচনায়। ঝাঁপি ও দীপের জীবনে বারবার ঝড় তুলেও কীভাবে কৌশলে পরিস্থিতি সামলে নেয় ইনকা, তা দেখতেই প্রতিদিন পর্দায় চোখ রাখেন দর্শক।

পর্দায় যতই নেতিবাচক চরিত্রে অভিনয় করুন না কেন, বাস্তব জীবনে তানিয়া যে সম্পূর্ণ ভিন্ন মানুষ, তা তাঁর কাছের মানুষদের কাছে অজানা নয়। এর আগেও জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। অভিনয় দক্ষতা নিয়ে বরাবরই ইতিবাচক আলোচনা হয়েছে দর্শকমহলে।

নতুন জীবনের এই অধ্যায়ে পা রাখার পর তানিয়াকে ঘিরে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে। দীর্ঘদিনের প্রেম যে হঠাৎ বাগদানে গড়াবে, তা অনেকেই কল্পনা করেননি। এখন দর্শকদের একটাই কৌতূহল, কবে সুচেতক করের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন তানিয়া মুখোপাধ্যায়।