বলিউডের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস (YRF) এবং জনপ্রিয় সংগীত পরিচালক তনিষ্ক বাগচীর মধ্যকার দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এল। ২০১৫ সালের ব্লকবাস্টার মিউজিক্যাল রোম্যান্টিক ড্রামা সিনেমা ‘সাইয়ারা’ (Saiyaara)-র তুমুল জনপ্রিয় টাইটেল ট্র্যাকটির জন্য কোনো পারিশ্রমিক পাননি বলে বিস্ফোরক দাবি করেছেন তনিষ্ক। এক দীর্ঘ সামাজিক যোগাযোগ মাধ্যম বার্তায় তিনি জানান, কোটি কোটি ভিউ ও স্ট্রিম পাওয়া এই সুপারহিট গানটি থেকে তাঁর পকেটে ‘শূন্য’ টাকা এসেছে।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘সাইয়ারা’ গানের একটি পোস্টার শেয়ার করে ক্ষোভ উগড়ে দেন এই সংগীতশিল্পী। তিনি লেখেন, "যশরাজ ফিল্মসের সঙ্গে এটিই ছিল আমার ক্যারিয়ারের প্রথম কাজ। আমি শুধু গানটির ওপর বিশ্বাস রেখে তাঁদের সমস্ত শর্তে রাজি হয়েছিলাম। এই গানটি তৈরিতে আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছিলাম। কম্পোজিশন, লাইভ মিউজিক রেকর্ড, লিরিসিস্ট ও সিঙ্গারের সঙ্গে বসা, ভোকাল টিউনিং থেকে শুরু করে সাউন্ড অ্যারেঞ্জমেন্ট প্রতিটি ছোট বিষয়ে আমি নিজের গানের মতো খেটেছি।"
তনিষ্ক বাগচীর অভিযোগ, ছবিটির গান তৈরির জন্য যশরাজ ফিল্মস তাঁকে যে নামমাত্র ও যসামান্য বাজেট দিয়েছিল, তার পুরোটাই লাইভ মিউজিক সেশন এবং মিক্সিং-মাস্টারিংয়ের পেছনেই খরচ হয়ে যায়। ফলে কাজ শেষে তাঁর নিজের উপার্জনের খাতা সম্পূর্ণ শূন্যই থেকে যায়।
‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ খ্যাত এই সংগীত পরিচালক আরও যোগ করেন, "সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন রয়্যালটি স্টেটমেন্টে দেখি, চার্টবাস্টার এই গানটির জন্য আমার মাত্র ৮ লাখ রুপি রয়্যালটি এখনো বকেয়া পড়ে আছে এবং YRF তা পরিশোধ করছে না। কোটি কোটি মানুষের ভালোবাসা পাওয়া একটা গানের জন্য এই ৮ লাখ রুপি তো একদমই সামান্য। আমি সত্যিই বিশ্বাস করেছিলাম, এত বড় স্কেলের একটা গান এর চেয়ে অনেক বেশি সম্মান ও অর্থ পাওয়ার যোগ্য।"