ঢাকাই চলচ্চিত্রে নতুন এক সম্ভাবনাময় অধ্যায়ের সূচনা হলো নবাগত তানজিয়া জামান মিথিলার মাধ্যমে। মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’-এর হাত ধরে রুপালি পর্দায় অভিষেক ঘটেছে তাঁর। প্রথম সিনেমাতেই প্রেক্ষাগৃহজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর অভাবনীয় সাড়া পেয়ে আবেগে ভেসেছেন এই নতুন মুখ।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রকস্টার’ সিনেমায় নিজের এন্ট্রি সিনের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে দর্শকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিথিলা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, পর্দায় প্রথমবার নিজেকে দেখার সময় প্রেক্ষাগৃহে দর্শকদের যে উন্মাদনা, চিৎকার আর ভালোবাসা তিনি শুনেছেন, তা তাঁর হৃদয় ছুঁয়ে গেছে। একজন নতুন অভিনেত্রী হিসেবে এই প্রাপ্তি তাঁর কাছে ভাষায় প্রকাশ করার মতো নয়।
দর্শকদের এমন বাঁধভাঙা ভালোবাসা ও সমর্থন তাঁকে ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছে বলে জানান মিথিলা। প্রেক্ষাগৃহে বসে দর্শকরা যেভাবে তাঁকে গ্রহণ করেছেন, সেই সুন্দর মুহূর্তটিকে জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতি উল্লেখ করে প্রতিটি হাততালি ও সুন্দর কথার জন্য ভক্তদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এই নবাগতা।