শোবিজ অঙ্গনের প্রতিযোগিতা আর ইঁদুরদৌড় নিয়ে যখন নিয়মিত আলোচনা চলছে, তখন একেবারেই ভিন্ন অবস্থান নিলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাজের জায়গায় কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন না। তার মতে, ক্যামেরার সামনে সবাই পেশাদার হলেও বাস্তব জীবনে সবাই মানুষ এখানে প্রতিযোগিতার চেয়ে সম্পর্কই বেশি গুরুত্বপূর্ণ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ভাবনা, কাজের অভিজ্ঞতা এবং সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন মিথিলা। তিনি বলেন, প্রত্যেক মানুষেরই নিজের আলাদা যোগ্যতা ও দক্ষতা থাকে, আর সেই যোগ্যতার মাধ্যমেই একজন মানুষ জীবনে সফলতা অর্জন করে। তাই অন্য কারও সঙ্গে প্রতিযোগিতা করার কোনো প্রয়োজন তিনি অনুভব করেন না।
তার ভাষায়, “আমার কাছে মনে হয় সবার নিজের একটা যোগ্যতা আছে এবং সেই যোগ্যতা দিয়েই কিন্তু একজন মানুষ সফল হয়। তো তার সাথে আমার কম্পিটিশন দেওয়ার কোনো দরকার নাই। আমার যোগ্যতা যদি থাকে তাহলে আমি কাজটা করতে পারব, আর যদি যোগ্যতা না থাকে তাহলে আমি যেটাই করি না কেন সেটা হবে না।”
কাজের ক্ষেত্রে কাউকে প্রতিপক্ষ হিসেবে না দেখে তিনি নিজের অবস্থানকে স্বাধীনভাবে রাখতে চান। তিনি আরও বলেন, “আমার কাজের জায়গায় কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয়। তারা তাদের কাজ করছে, আমি আমার কাজ করছি।”
নারীদের মধ্যকার সম্পর্ক ও আবেগের বিষয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, এক নারী আরেক নারীর সঙ্গে যে ধরনের আবেগ, অনুভূতি ও ব্যক্তিগত বিষয় শেয়ার করতে পারে, অনেক ক্ষেত্রে একজন পুরুষের সঙ্গে সেই গভীরতা তৈরি হয় না।
তবে তিনি পরিষ্কারভাবে বলেন, তার এই মন্তব্য পুরুষদের ছোট করার জন্য নয়। বরং এটি তার ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতা থেকে বলা কথা। তিনি বলেন, তিনি নারীদের প্রতি আলাদা এক ধরনের ইতিবাচক অনুভূতি রাখেন এবং ভবিষ্যতেও সেটাই থাকবে।