কুদৃষ্টি বা ‘ইভিল আই’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভাবনাপ্রসূত বার্তা শেয়ার করেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। নিজের পোস্টে তিনি ব্যক্তিগত জীবন, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে প্রকাশ করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সামাজিক মাধ্যমে দেওয়া স্ট্যাটাসে মিথিলা উল্লেখ করেন, কুদৃষ্টি সবসময় অপরিচিত মানুষের কাছ থেকে আসে না। অনেক সময় এমন মানুষদের মধ্যেও ঈর্ষা বা নেতিবাচক মনোভাব থাকতে পারে, যারা বাইরে থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন কিংবা সাফল্যে অভিনন্দন জানান।

তার ভাষ্য, কিছু মানুষ মুখে শুভকামনা জানালেও অন্তরে একই অনুভূতি নাও পোষণ করতে পারেন। তাই আল্লাহর দেওয়া নেয়ামত ও অর্জনকে অযথা প্রচার না করে সংযতভাবে রক্ষা করার পরামর্শ দেন তিনি।

পোস্টে মিথিলা আরও বলেন, কুদৃষ্টি একটি বাস্তব বিষয়। এজন্য নিজের রিজিক, সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ। তার মতে, যাদের কাছে আমরা স্বপ্ন বা পরিকল্পনার কথা বলি, তাদের সবাই যে সেই স্বপ্নের সফলতা কামনা করেন, এমনটি সবসময় সত্য নয়।

অভিনেত্রীর এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার কথার সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে দেখছেন।

মিথিলার পোস্টে মূলত ব্যক্তিগত অর্জন ও সুখবর প্রকাশের ক্ষেত্রে সংযমী থাকার বার্তাই উঠে এসেছে। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, বাহ্যিক হাসি বা প্রশংসার আড়ালে সবসময় আন্তরিকতা থাকে না।