বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া জানিয়েছেন, তিনি ডিসক্যালকুলিয়ায় ভুগছেন। এটি একধরনের শেখার সমস্যা, যার কারণে সংখ্যা বোঝা, হিসাব করা এবং সংখ্যাসংক্রান্ত তথ্য প্রক্রিয়াকরণে অসুবিধা হতে পারে। এই সমস্যার প্রভাব তাঁর আর্থিক জীবনেও রয়েছে। অর্থকড়ির হিসাব, বিনিয়োগসহ বিভিন্ন আর্থিক বিষয় সামলাতে তাই পরিবারের পাশাপাশি পেশাদার দলের সহায়তা নেন অভিনেত্রী।
সম্প্রতি আর্থিক সচেতনতা নিয়ে ভারতীয় গণমাধ্যম হটারফ্লাইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই সমস্যার কথা জানান তারা। অভিনেত্রী বলেন, ছোটবেলা থেকেই সংখ্যার সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা স্বচ্ছন্দের নয়। টাকাপয়সার হিসাব কিংবা বিনিয়োগের মতো বিষয়েও তাঁকে বাড়তি সতর্ক থাকতে হয়।
নিজের আর্থিক বিষয় সামলানোর প্রসঙ্গে তারা বলেন, ‘আমি ভাগ্যবান, কারণ আমার বাবা আমার অর্থকড়ি সামলাতে সাহায্য করেন।’ তিনি জানান, শুধু বাবাই নন, তাঁর পেশাদার দলের সদস্যরাও আর্থিক বিষয়গুলো দেখভালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে তাঁর অ্যাকাউন্টস টিম প্রতিটি হিসাব খুঁটিয়ে দেখে।
তারা বলেন, ‘আমি যতটা সম্ভব বোঝার চেষ্টা করি। কিন্তু আমার শেখার সমস্যা আছে। এটি গণিতসংক্রান্ত একটি শেখার সমস্যা, যার নাম ডিসক্যালকুলিয়া। আমি চেষ্টা করি, কিন্তু বেশির ভাগ সময়ই ভুল করে ফেলি। তাই আমার দলের সাহায্য প্রয়োজন হয়। আমার অ্যাকাউন্টস টিম প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখে।’
ডিসক্যালকুলিয়ার কারণে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজেও সমস্যায় পড়তে পারেন আক্রান্ত ব্যক্তিরা। যোগ-বিয়োগ বা সাধারণ গাণিতিক হিসাব থেকে শুরু করে টাকা গোনা, দাম বোঝা, বিল পরিশোধ কিংবা আর্থিক পরিকল্পনার মতো বিষয়েও অসুবিধা হতে পারে। তবে সমস্যাটির প্রভাব ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে।
নিজের আর্থিক সীমাবদ্ধতা থাকলেও বিনিয়োগের বিষয়ে আগ্রহী তারা। তিনি জানিয়েছেন, নিজের বিনিয়োগের পোর্টফোলিও বৈচিত্র্যময় রাখার চেষ্টা করছেন। এ বিষয়ে অভিজ্ঞ বন্ধুদের কাছ থেকেও পরামর্শ নেন তিনি। তারা বলেন, ‘আমার বিনিয়োগের পোর্টফোলিও বৈচিত্র্যময়। যেতে যেতে শিখছি। এসব বিষয়ে আমার বন্ধুদের সঙ্গে কথা বলি, যাদের এ বিষয়ে ভালো ধারণা আছে। আমি বাড়ি খুব পছন্দ করি এবং বাড়িতে বিনিয়োগ করতেও ভালোবাসি।’
ডিসক্যালকুলিয়া নিয়ে প্রকাশ্যে কথা বলার বিষয়টিকেও ইতিবাচকভাবে দেখছেন তারা। তাঁর মতে, ডিসলেক্সিয়ার তুলনায় এই শেখার সমস্যা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তুলনামূলকভাবে কম। নিজের অভিজ্ঞতা তুলে ধরে এ বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করেছেন অভিনেত্রী।
এদিকে, সম্প্রতি যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবিতে অভিনয় করে আলোচনায় রয়েছেন তারা সুতারিয়া। ছবিতে তাঁর অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবের ‘উইমেন ইন সিনেমা’ গালায় সম্মানিত হয়েও আলোচনায় আসেন এই অভিনেত্রী।