বিশ্বের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশে সুপরিচিত Forbes সম্প্রতি তাদের বিশেষ ‘আইকনোক্লাস্ট ৫০’ তালিকা প্রকাশ করেছে। আর সেই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন বিশ্বখ্যাত পপ তারকা Taylor Swift।
ফোর্বসের হিসাব অনুযায়ী, বর্তমানে টেইলর সুইফটের মোট সম্পদের পরিমাণ ২ বিলিয়ন ডলার। এর মাধ্যমে তিনি ইতিহাসের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী হিসেবে নতুন মাইলফলক গড়েছেন।
এই তালিকায় শুধু বিনোদন অঙ্গনের তারকারাই নন, জায়গা পেয়েছেন বিশ্বের প্রভাবশালী ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তারাও। তাদের মধ্যে রয়েছেন Elon Musk, Mark Zuckerberg, Donald Trump এবং Warren Buffett। পাশাপাশি তালিকায় আছেন Beyoncé, Bad Bunny, The Weeknd এবং Shohei Ohtani।
বিশ্লেষকদের মতে, সুইফটের আর্থিক সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার বিশ্বব্যাপী আলোড়ন তোলা The Eras Tour। ২০২৩ ও ২০২৪ সালে অনুষ্ঠিত এই ট্যুর ইতিহাসের সবচেয়ে সফল কনসার্ট সফরগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ছাড়া তার সাম্প্রতিক অ্যালবাম The Tortured Poets Department এবং নিজের পুরোনো গানগুলোর পুনঃরেকর্ড করা সংস্করণও বিপুল বাণিজ্যিক সাফল্য পেয়েছে।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে নিজের গানের মাস্টার রেকর্ডিংয়ের মালিকানা ফিরে পেতে যে পদক্ষেপ নেন টেইলর সুইফট, তা পুরো সংগীত শিল্পে বড় ধরনের প্রভাব ফেলে। এর ফলে তার রয়্যালটি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং অন্য শিল্পীদেরও নিজেদের কাজের মালিকানা সম্পর্কে সচেতন করে তোলে।
২০২৪ সালে The Eras Tour-এর সাফল্যের সুবাদে প্রথমবার বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করেন সুইফট। ট্যুরটি প্রায় ২.২ বিলিয়ন ডলার আয় করে কনসার্ট ইতিহাসে নতুন রেকর্ড গড়ে।
পরে সেই আয়ের একটি বড় অংশ ব্যয় করে তিনি আনুমানিক ৩৬০ মিলিয়ন ডলারে নিজের পুরোনো গানের মূল মাস্টার রেকর্ডিংয়ের অধিকার কিনে নেন। এর ফলে তার সম্পদের পরিমাণ দ্রুত বাড়তে থাকে এবং ২০২৬ সালে এসে তা ২ বিলিয়ন ডলারে পৌঁছায়।