দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয়ের সময়টা একেবারেই সুসংগত যাচ্ছে না। একদিকে মুক্তির আগেই সিনেমার এইচডি প্রিন্ট ফাঁস হয়ে পাইরেসির কবলে পড়া, অন্যদিকে এবার ভোটের মুখে বড়সড় আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন এই তারকা। চেন্নাইয়ের ব্যস্ত এলাকায় অনুমতিহীন রোড শো করার অভিযোগে বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চেন্নাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিজয়ের নবগঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর প্রচারণাকে কেন্দ্র করেই এই বিপত্তি। পুলিশের দাবি, বিজয়কে নির্দিষ্ট একটি স্থানে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হলেও তিনি সেই নিয়ম ভেঙে টি নগর, থাউজ্যান্ড লাইটস এবং এগমোর এলাকাজুড়ে বিশাল শোভাযাত্রা বের করেন।

হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। নির্বাচন কমিশনের একটি ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে এই মামলাটি দায়ের করে।

ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় সরকারি নির্দেশ অমান্যের অভিযোগে এই মামলা করা হয়েছে। বিজয়ের পাশাপাশি টিভিকে-র একাধিক শীর্ষ নেতার নামও রয়েছে এই মামলায়। চেন্নাইয়ের পশ্চিম মাম্বালাম, নুঙ্গামবাক্কাম এবং ভেপেরির মতো বিভিন্ন এলাকায় একাধিক থানায় মামলাগুলো নথিভুক্ত করা হয়েছে।

আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই আইনি জটিলতা বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। তবে এখন পর্যন্ত বিজয় বা তাঁর দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সিনেমা আর রাজনীতির ময়দান, উভয় ক্ষেত্রেই বর্তমানে বড় চ্যালেঞ্জের মুখোমুখি ‘থালাপতি’ বিজয়।