দক্ষিণের জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয়ের ভক্তদের জন্য একদিকে বাঁধভাঙা উছ্বাস, অন্যদিকে বিদায়ের সুর। অভিনয় জগৎ থেকে চিরতরে বিদায় নেওয়ার আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তাঁর শেষ সিনেমা ‘জন নায়াগান’। আগামী ২৩ জুলাই সারা বিশ্বে প্যান-ইন্ডিয়ান এই সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রিয় তারকাকে শেষবারের মতো রুপালি পর্দায় দেখতে ভক্তদের উন্মাদনা এতটাই চরম আকার ধারণ করেছে যে, মুক্তির আগেই বক্স অফিসে ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে।

বলিউড লাইফের সূত্রে জানা গেছে, অগ্রিম টিকিট বিক্রি শুরুর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ভারতে প্রায় ৬ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। আর মঙ্গলবারের হিসাব অনুযায়ী, সিনেমাটি ইতিমধ্যে কেবল প্রি-সেল বুকিং থেকেই আয় করে নিয়েছে ১৫ কোটি টাকা। প্রথম উইকএন্ডের জন্য বিশ্বব্যাপী অগ্রিম টিকিট বিক্রি ২৭ কোটি ছাড়িয়ে গেছে। কোনো প্রকার বড় ধরনের প্রচার ছাড়াই এই জোয়ার তামিল সিনেমার ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা।

এইচ বিনোথ পরিচালিত এই অ্যাকশন-ড্রামা সিনেমাটি বেশ কিছুদিন ধরে জটিলতার ঘেরাটোপে বন্দি ছিল। মুক্তির ঠিক আগে গত ৯ এপ্রিল সিনেমাটির একটি সংস্করণ অনলাইনে ফাঁস হলে শঙ্কা তৈরি হয়। তবে সমস্ত বাধা কাটিয়ে সারা বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে। হল মালিকেরা অগ্রিম টিকিটের বিপুল চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন।

অনিল কাপুর ও অনিরুদ্ধ রবিচন্দরের সংগীতে নির্মিত এই সিনেমায় থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু, ববি দেওল ও প্রকাশ রাজের মতো জনপ্রিয় অভিনেতারা। সম্প্রতি তামিলনাড়ু রাজনীতিতে পূর্ণাঙ্গ প্রবেশের ঘোষণা এবং নির্বাচনে সাফল্যের পর বিজয়ের এই শেষ প্রজেক্টটি বক্স অফিসে বিশ্বজুড়ে নতুন কোনো রেকর্ডের সৃষ্টি করতে যাচ্ছে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।