তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রবিবার (১১ মে) অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। এছাড়াও দর্শকসারিতে দেখা যায় অভিনেত্রী তৃষা কৃষ্ণান-কেও।
শপথ নেওয়ার সময় বিজয়কে ঘিরে আবেগঘন পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে প্রথম সারিতে বসা তৃষাকে বেশ আবেগাপ্লুত দেখায় বলেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
তবে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই নতুন করে আলোচনায় আসে বিজয়ের পারিবারিক বিষয়। খবর প্রকাশিত হয়েছে, বিজয়ের ছেলে জেসন সঞ্জয় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামের পরিবর্তন এনেছেন।
দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছে। এর মধ্যেই বিজয়ের ব্যক্তিগত জীবনও আলোচনায় আসে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, মনোনয়ন জমা দেওয়ার পর বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন।
১৯৯৯ সালের ২৫ আগস্ট বিয়ে করেছিলেন বিজয় ও সঙ্গীতা। তবে সময়ের সঙ্গে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে বিভিন্ন সূত্রের দাবি। বিশেষ করে ২০২৩ সালের পর সেই টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে ওঠে বলে আলোচনা রয়েছে। বর্তমানে তাদের বিচ্ছেদ প্রক্রিয়াও চলছে বলে শোনা যাচ্ছে।
এমন পরিস্থিতির মধ্যেই জেসন সঞ্জয়ের সামাজিকমাধ্যমের একটি পরিবর্তন নতুন জল্পনার জন্ম দিয়েছে। আগে তিনি নিজের নাম লিখতেন ‘জেসন সঞ্জয় ভি’ হিসেবে। সম্প্রতি সেই ‘ভি’ সরিয়ে ‘এস’ ব্যবহার করতে দেখা গেছে, যা অনেকের মতে তার মা সঙ্গীতার নামের আদ্যক্ষর।
এর আগে সামাজিকমাধ্যমে বাবাকে আনফলো করার খবরও সামনে আসে। ফলে নেটিজেনদের একাংশ মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে জেসন প্রকাশ্যেই মায়ের পক্ষ নিয়েছেন।