দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নানি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’ প্রেক্ষাগৃহে মুক্তির পর এর শেষ পরিণতি ও গল্প নিয়ে দর্শক মনে তৈরি হয়েছে নানা কৌতূহল। শ্রীকান্ত ওদেলা পরিচালিত এই সিনেমাটি বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেলেও ছবির গল্প এবং মুখ্য চরিত্র ‘জাডাল’-এর পরিণতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। সামন্তপ্রভু শিকঞ্জা মালিকের অত্যাচার থেকে সাবারী উপজাতির মুক্তির লড়াই কীভাবে সমাপ্ত হলো।

প্রতিবেদনে জানানো হয়, সিনেমার মূল গল্প সাবারী উপজাতির অধিকার আদায়ের সংগ্রামকে ঘিরে। যেখানে জাডালের মা সমক্কা (সোনালী কুলকার্নি) নিজ জনগোষ্ঠীর পরিচয় ও স্বীকৃতির জন্য লড়াই চালিয়ে যান। সামন্তপ্রভু শিকঞ্জা মালিক (মোহন বাবু) প্রতিনিয়ত তাঁদের এই অধিকার আদায়ে বাধা সৃষ্টি করেন। পরবর্তীতে দীর্ঘ সংগ্রামের পর শিকঞ্জা মালিককে পরাজিত করে সাবারী উপজাতি তাদের কাঙ্ক্ষিত অধিকার অর্জন করে। ফিঙ্গারপ্রিন্ট বা বৃদ্ধাঙ্গুলির ছাপ না থাকার পরও একজন সরকারি কর্মকর্তার সহায়তায় সমক্কা পায়ের ছাপ (টোপ্রিন্ট) দিয়ে তাঁদের গোষ্ঠীর আইনি স্বীকৃতি নিশ্চিত করেন।

সিনেমার শেষদৃশ্যে জানা যায়, জাডালের প্রকৃত নাম আসলে ‘সারাক্কা’, যা তাঁর মৃত জমজ বোনের স্মরণে রাখা হয়েছিল। আর দীর্ঘ চুলের কারণে তাকে সবাই ‘জাডাল’ নামে ডাকত। তবে সিনেমাটির কোনো সিক্যুয়েল বা দ্বিতীয় পর্বের ঘোষণা দেওয়া হয়নি, কারণ মূল কাহিনীর সমাপ্তি এখানেই ঘটে গেছে। এছাড়া থিয়েটারে প্রদর্শনী শেষে ছবিটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাবে বলে জানা গেছে।