মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক লড়াই, আত্মত্যাগ ও দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’। দীর্ঘদিনের অপেক্ষার পর ছবিটির মুক্তির প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা। এরই অংশ হিসেবে ঐতিহাসিক ২৫ জুলাই প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সিনেমাটির প্রচারণা কার্যক্রম।
নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত এই সিনেমার প্রথম পোস্টারে যুদ্ধকালীন বাংলাদেশের প্রতীকী আবহ ফুটিয়ে তোলা হয়েছে। পানিতে ডুবে থাকা জনপদের সামনে এক ফুটবলারের ভাস্কর্য, আকাশে উড়তে থাকা যুদ্ধবিমান এবং পাশে বাংলাদেশের লাল-সবুজ পতাকা সব মিলিয়ে পোস্টারটি মুক্তিযুদ্ধ ও ফুটবলকে এক সুতোয় গেঁথে প্রতিরোধ, আত্মত্যাগ ও দেশপ্রেমের শক্তিশালী বার্তা তুলে ধরেছে। পোস্টারটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
‘ঠিকানা বাংলাদেশ’ নির্মিত হয়েছে ১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে। মুক্তিযুদ্ধ চলাকালে ২৫ জুলাই ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। বিদেশের মাটিতে প্রথমবার বাংলাদেশের লাল-সবুজের পতাকা বহন করে খেলতে নামা সেই ম্যাচ শুধু একটি ফুটবল ম্যাচই ছিল না, বরং বিশ্বদরবারে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার এক ঐতিহাসিক প্রচেষ্টা। সেই গৌরবোজ্জ্বল অধ্যায়ই বড় পর্দায় তুলে ধরা হবে এই সিনেমায়।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেক শিল্পী। নির্মাতাদের আশা, মুক্তিযুদ্ধের ইতিহাসের তুলনামূলক কম আলোচিত এই অধ্যায়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ‘ঠিকানা বাংলাদেশ’।