জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা এখন আর কেবল রুপালি পর্দাতেই সীমাবদ্ধ নন, নাম লিখেছেন করপোরেট জগতেও। গত তিন মাস ধরে দেশের একটি বেসরকারি ব্যাংকে ‘অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট’ (এভিপি ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে দায়িত্ব পালন করছেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে তবে কি অভিনয়কে বিদায় জানাচ্ছেন এই নায়িকা?
নতুন পেশা নিয়ে তমা মির্জা জানান, নতুন পরিবেশ ও সহকর্মীদের সঙ্গে সময়টা চমৎকার কাটছে। তবে অভিনয়ে অনিমিত হওয়ার গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছেন তিনি। তমার কথায়, "অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আছি, থাকব, আমৃত্যু কাজ করব ইনশা আল্লাহ। ব্যাংক কর্তৃপক্ষও আমার অভিনয়ের ব্যাপারে খুবই আন্তরিক, তাই কাজ চালিয়ে যেতে কোনো সমস্যা নেই। বছরে একটা বা দুটো সিনেমা করি, বাকি সময়টা নতুন কিছু এক্সপ্লোর করাটাও দারুণ এক সুযোগ।"
এদিকে অভিনয় থেকেও দূরে নেই এই তারকা। গত বছর ‘দাগি’ সিনেমা দিয়ে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ানোর পর চলতি মাসের শেষ অথবা আগামী মাসের শুরুতে নতুন সিনেমা ‘খলনায়ক’-এর শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। ভিকি জাহেদ পরিচালিত এই ছবিটির নাম পরিবর্তন হতে পারে এবং চলতি বছরের শেষের দিকে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
তবে নতুন খবরের মাঝেও তমার মনে কিছুটা আক্ষেপ রয়ে গেছে অঞ্জন দত্তের ওয়েব সিরিজ ‘দুই বন্ধু’ নিয়ে। ২০২৩ সালে কলকাতায় শুটিং শেষ করলেও সিরিজটি এখনো মুক্তি পায়নি। এ নিয়ে কথা বলতে গিয়ে আক্ষেপ প্রকাশ করে তমা বলেন, "এটা নিয়ে আর ভেবে সময় নষ্ট করতে চাই না, প্রযোজক-পরিচালকই ভালো বলতে পারবেন।"