দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীদের প্রচারণা শেষ, সরকার আরোপ করেছে যান চলাচলে বিধিনিষেধ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা ছাড়ছেন অনেক মানুষ। সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে সাধারণ মানুষের পাশাপাশি সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যেই উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। এই নির্বাচনী আমেজের ছোঁয়া লেগেছে শোবিজ অঙ্গনেও।
নাটকের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সারা বছরই কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তবে নাগরিক দায়িত্ব হিসেবে ভোট দেওয়াকে তিনি সব সময় গুরুত্ব দিয়ে দেখেন। ভোটকেন্দ্রে যাওয়ার আগে কী বিষয় মাথায় রাখছেন জানতে চাইলে তৌসিফ বলেন, “আমি দেশের একজন সচেতন নাগরিক। ভোট দেওয়া নাগরিক অধিকার। এই অধিকার প্রয়োগ করতে ১২ ফেব্রুয়ারি যে বিষয়টি মাথায় রেখে ভোট দিতে যাব, তা হলো- আমরা পরিবর্তন চাই, আর পরিবর্তন আসে অংশগ্রহণের মাধ্যমে। ভোটে অংশ নিয়েই এই পরিবর্তনের শুরু হোক।”
নিজের এই সচেতন অবস্থানের মাধ্যমে অনুরাগীদের মধ্যেও সচেতনতা ছড়িয়ে দিতে সক্রিয় তৌসিফ মাহবুব। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নানা সচেতনতামূলক বার্তা দিতে দেখা যায় তাকে। এর ধারাবাহিকতায় তিনি অভিনয় করেছেন ‘লাভ অ্যান্ড নির্বাচন’ শিরোনামের একটি নাটকে, যেখানে দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের ঘিরে গল্প এগিয়েছে। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। সামনে ভালোবাসা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে তার একাধিক নতুন নাটক মুক্তি পাওয়ার কথা রয়েছে, যেগুলোর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ঈদের কিছু কাজ বাকি থাকলেও এরপরই শুরু হবে ঈদুল আজহার প্রস্তুতি। পাশাপাশি বিজ্ঞাপনসহ বিভিন্ন প্রকল্পেও নিয়মিত যুক্ত থাকবেন বলে জানান তৌসিফ মাহবুব।