দক্ষিণি তারকা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগেই বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছে। আগামী ২৬ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও অগ্রিম টিকিট বিক্রিতে ইতোমধ্যে এটি রেকর্ড গড়েছে। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, আগাম বুকিংয়ে সিনেমাটি ইতোমধ্যে ৯ লাখেরও বেশি টিকিট বিক্রি করে ৪১.৩৬ কোটি রুপি (ব্লক করা সিটসহ) আয় করে নিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, প্রায় ১৭,৭৮০টি শোজুড়ে কেবল সরাসরি অগ্রিম টিকিট বিক্রি থেকেই উঠে এসেছে ৩২.২১ কোটি রুপি। যশের নিজের রাজ্য কর্ণাটক আগাম বুকিংয়ের তালিকায় সবার ওপরে রয়েছে। ভাষাভিত্তিক হিসেবে সিনেমাটির হিন্দি ও কন্নড় সংস্করণে তুমুল প্রতিযোগিতা দেখা যাচ্ছে, যেখানে হিন্দি ২ডি সংস্করণ থেকে ১৫.৬৮ কোটি এবং কন্নড় ২ডি থেকে ১৩.০২ কোটি রুপি এসেছে। এছাড়া আইম্যাক্স (IMAX) ও ডলবি সিনে ফরম্যাট থেকেও বড় অঙ্কের আয় যোগ হয়েছে।
গীতু মোহনদাস পরিচালিত ও ১৯৫০-১৯৭০ দশকের গোয়ার গ্যাংস্টার ড্রামার প্রেক্ষাপটে তৈরি এই সিনেমার মাধ্যমে দীর্ঘ চার বছর পর বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন করছেন ‘রকিং স্টার’ যশ। ছবিতে যশের চরিত্র ‘রায়া’ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও রুকমিণী বসন্তকে।