দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির ১৪তম দিনে বক্স অফিসে আরও ধীরগতির মুখোমুখি হয়েছে। দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার ভারতে ছবিটির নেট কালেকশন দাঁড়ায় মাত্র ৬৯ লাখ রুপি, যা আগের দিনের (৭৫ লাখ রুপি) তুলনায় প্রায় ৮ শতাংশ কম।
প্রথম দিনে ১০১.১০ কোটি রুপির বিশাল উদ্বোধনী ব্যবসা দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে কালেকশন আশঙ্কাজনকভাবে কমতে থাকে। প্রথম সপ্তাহে ২৩৯.৩০ কোটি রুপি আয় করলেও দ্বিতীয় সপ্তাহে তা বড় ধাক্কা খায়। তবে দেশীয় বাজারে সব মিলিয়ে সিনেমাটির নেট কালেকশন দাঁড়িয়েছে ২৪৭.১৯ কোটি রুপি (গ্রস প্রায় ২৯৫.০২ কোটি রুপি)। অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকে ৪৩.৩০ কোটি রুপি আয় আসায় বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস সংগ্রহ পৌঁছেছে ৩৩৮.৩২ কোটি রুপিতে।
গীতু মোহনদাস পরিচালিত এই থ্রিলারধর্মী সিনেমায় কানাড়া ভার্সনই ছিল প্রধান আয়ের উৎস, যেখানে ১৪তম দিনে ৪৭ লাখ রুপি সংগৃহীত হয়। অন্যদিকে হিন্দি ভার্সন থেকে এসেছে ২২ লাখ রুপি। গোয়ার প্রেক্ষাপটে তৈরি এই গ্যাংস্টার ড্রামাটিতে যশের পাশাপাশি কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তের মতো তারকারা অভিনয় করেছেন।