দক্ষিণী তারকা ইয়াশ ও কিয়ারা আদভানি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে চরম ক্ষতির মুখে পড়েছে। দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ইয়াশের এই প্রত্যাবর্তন নিয়ে শুরু থেকেই ভক্তদের দারুণ উন্মাদনা থাকলেও, দুর্বল গল্প ও নেতিবাচক প্রতিক্রিয়া ছবিটির বাণিজ্যিক যাত্রাকে থামিয়ে দিয়েছে।
হিন্দি বেল্টে প্রথম মঙ্গলবার ডিসকাউন্ট টিকিটের সহায়তায় ছবিটি ৪.৫০ কোটি রুপি আয় করে, যার ফলে সাত দিনে হিন্দি সংস্করণে এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১২৩ কোটি রুপি। তবে বিরাট বাজেটে নির্মিত সিনেমাটির জন্য এই অর্জন যথেষ্ট নয়। ট্রেড বিশ্লেষকদের মতে, থিয়েটার পরবর্তী ডিজিটাল ও অন্যান্য স্বত্ব বিক্রি থেকে প্রত্যাশিত অর্থ তুলতে না পারায় ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে ‘টক্সিক’।
হিন্দির পাশাপাশি ভারতজুড়ে ছবিটি এখন পর্যন্ত আয় করেছে প্রায় ২২৮.৫০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ছাড়িয়েছে ২৬৬ কোটি রুপি। কন্নড়, তামিল, তেলুগু ও কেরালায় দারুণ সূচনা হলেও দ্বিতীয় দিন থেকেই লাফিয়ে কমেছে আয়ের পারদ। ‘কেজিএফ’-খ্যাত এই তারকার পরবর্তী বড় ছবি ‘রামায়ণ’ ২০২৬ সালের দিওয়ালিতে মুক্তির কথা থাকলেও, ‘টক্সিক’-এর এই বড় বিপর্যয় ইয়াশের ক্যারিয়ারের বাণিজ্যিক সমীকরণে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।