গীতু মোহনদাস পরিচালিত ও কন্নড় সুপারস্টার যশ অভিনীত ‘টক্সিক: আ ফেইরিটেল ফর গ্রোন-আপস’ সিনেমাটিকে ঘিরে ট্রোল, মিম ও মিশ্র পর্যালোচনার ছড়াছড়ি সত্ত্বেও বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। মুক্তির প্রথম দিনেই ভারতীয় ঘরোয়া বক্স অফিসে ১০০ কোটি রুপির নেট সংগ্রহ অতিক্রম করে সিনেমাটি এক বিশাল সূচনা তৈরি করেছিল। তবে দ্বিতীয় দিনে সিনেমাটির ব্যবসায়িক চিত্রটি কেমন দাঁড়াচ্ছে, তা নিয়ে চোখ রাখছেন সিনে-বিশ্লেষকেরা।

ট্রেড ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুসারে, বৃহস্পতিবার দ্বিতীয় দিনে দুপুর ১টা পর্যন্ত ভারতে সিনেমাটি প্রায় ৫.২৫ কোটি রুপি নেট সংগ্রহ করেছে। দেশব্যাপী মোট ১০,১৫৫টি শো-তে গড় দর্শক উপস্থিতি রেকর্ড করা হয়েছে প্রায় ১৮.৫ শতাংশ। বিশেষ দিক হলো, মূল কন্নড় ভাষার চেয়ে হিন্দি সংস্করণে দর্শকরা বেশি সাড়া দিচ্ছেন, যার পরপরই রয়েছে তেলুগু সংস্করণ; তামিল ও মালয়ালম অঞ্চলের ব্যবসায়িক গতি তুলনামূলক শ্লথ। প্রথম দিনে বিশ্বব্যাপী ১৪০ কোটি রুপির গ্রস সংগ্রহের পর দ্বিতীয় দিনে প্রতিযোগি সিনেমা ‘ধুরন্ধর ২’-এর আয়ের লক্ষ্যমাত্রাকে পেছনে ফেলতে পারে কি না, সেদিকেই সব নজর।