কন্নড় সুপারস্টার ইয়শ-এর বহুপ্রতীক্ষিত নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর ট্রেইলার মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে ইয়শ জানান, আগামী ৮ আগস্ট ২০২৬ তারিখে ছবিটির ট্রেইলার প্রকাশ পাবে। পরবর্তীতে ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

গীতু মোহনদাস পরিচালিত এই অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে বাবা ও ছেলের মধ্যকার মানসিক ও ক্ষমতার সংঘাত ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে ইয়শের পাশাপাশি অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত। সম্প্রতি কিয়ারা আদভানির জন্মদিনে সিনেমাটিতে তাঁর চরিত্র ‘নাদিয়া’-র একটি বিশেষ লুক উন্মোচন করেছিলেন নির্মাতারা।

প্রকাশিত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোস্টারে ইয়শকে বৃষ্টিভেজা রাস্তায় হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কন্নড় ও ইংরেজি ভাষার পাশাপাশি এটি মালেয়ালম, তেলেগু, হিন্দি এবং তামিল ভাষাতেও একযোগে মুক্তি পাবে। সিনেমাটির সুর ও আবহ সংগীত পরিচালনা করেছেন রবি বসুর।