দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে বহুল আলোচিত ‘ট্রান্সফরমার্স’ ফ্র্যাঞ্চাইজি। সিরিজটির নতুন কিস্তি ‘ট্রান্সফরমার্স ৮’ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স।

নতুন এই সিনেমার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে আবারও বড় পর্দায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন কিস্তিকে ঘিরে সবচেয়ে বড় চমক, শুরুর দিকের মূল নির্মাতাদের কয়েকজন আবারও এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছেন।

‘ট্রান্সফরমার্স ৮’-এর নির্বাহী প্রযোজক হিসেবে ফিরছেন কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির শুরুর দিকের সফল পরিচালক মাইকেল বে-কেও পরিচালকের আসনে ফিরিয়ে আনার বিষয়ে জোর আলোচনা চলছে।

জেসন ফুকসের চিত্রনাট্যে তৈরি হবে ‘ট্রান্সফরমার্স ৮’। সিনেমাটির মূল গল্প বা প্লট এখনো প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, নতুন কিস্তির কাহিনি সাজানো হয়েছে আধুনিক সময়ের প্রেক্ষাপটে।

প্যারামাউন্ট পিকচার্স ও স্কাইড্যান্সের যৌথ প্রযোজনায় বড় পরিসরে নির্মিত হবে সিনেমাটি। অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর নতুন এই কিস্তিতে ‘ট্রান্সফরমার্স’ ভক্তদের জন্য কী চমক অপেক্ষা করছে, সেটিই এখন দেখার।