বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী ও সাবেক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী উর্বশী রাউতেলার। এবার মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে তাঁর পোশাক ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। প্রতিযোগিতার শেষ পর্বে বিচারকের দায়িত্বে ছিলেন উর্বশী। সেদিন তাঁর পরনে ছিল ভারতের জাতীয় পতাকার রং ও প্রতীকের আদলে তৈরি একটি নজরকাড়া পোশাক।
উর্বশীর পোশাকে ভারতের জাতীয় পতাকার তিনটি রং, গেরুয়া, সাদা ও সবুজ ব্যবহার করা হয়। পোশাকের মাঝখানে ছিল নীল রঙের অশোকচক্র। সঙ্গে ছিল সোনালি ঝালর। অব-শোল্ডার এই পোশাকের সঙ্গে অভিনেত্রী পরেছিলেন বড় হীরার কানের দুল, রুপালি চুড়ি এবং আঙুলে ভারী একটি আংটি।
পোশাকটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নানা আলোচনা। একাংশের দাবি, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে তা পরা দেশের জাতীয় প্রতীকের প্রতি অসম্মানজনক। অন্যদিকে উর্বশীর সমর্থকদের মতে, পোশাকটির মাধ্যমে তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের পরিচয় ও গৌরব তুলে ধরার চেষ্টা করেছেন।
বিতর্কের মধ্যেই নিজের পোশাকের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন উর্বশী। তিনি বলেন, ‘আমি বলেছিলাম, আমিই ভারত। তাই আজ নিজেকে ভারতবর্ষ বলেই মনে হচ্ছে।’ অভিনেত্রী জানান, তাঁর পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত।
এবারের অনুষ্ঠানটি উর্বশীর জন্য ব্যক্তিগতভাবেও বিশেষ ছিল। ২০১৫ সালে তিনি নিজেই মিস ইউনিভার্স ইন্ডিয়া-র মুকুট জিতেছিলেন। সে সময় তাঁর মাথায় মুকুট পরিয়েছিলেন সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। এবার সেই সুস্মিতাও নির্বাচন কমিটির অংশ ছিলেন। মঞ্চে দাঁড়িয়ে সাবেক এই বিজয়ীর অবদানও বিশেষভাবে স্মরণ করেন উর্বশী।