দক্ষিণি তারকা বিজয় দেবেরাকোন্ডার বহুল প্রতীক্ষিত নতুন পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘রাণাবালী’র প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ পিছিয়ে গেছে। সেপ্টেম্বরের নির্ধারিত সময় বদলে সিনেমাটি আগামী ১৬ অক্টোবর বিশ্বজুড়ে একাধিক ভাষায় মুক্তি পেতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সিনেমাটির একটি নতুন পোস্টার প্রকাশ করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বিজয় দেবেরাকোন্ডা।
প্রকাশিত নতুন পোস্টারে বিজয় দেবেরাকোন্ডাকে উনিশ শতকের আবহ অনুযায়ী গোঁফওয়ালা ও বেশ রুক্ষ লুকে ফুটিয়ে তোলা হয়েছে। রাহুল সাংকৃত্যয়ন পরিচালিত এই সিনেমাটির গল্প ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের ব্রিটিশ শাসিত দক্ষিণ ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি, যেখানে স্থানীয় জনগোষ্ঠীর ওপর ব্রিটিশদের কঠোর অর্থনৈতিক নীতি এবং খরার প্রভাব তুলে ধরা হবে।
‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর ব্যাপক সাফল্যের পর এই ছবির মাধ্যমে বিজয়ের সঙ্গে ফের জুটি বেঁধেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। সিনেমায় বিজয় দেবেরাকোন্ডার স্ত্রীর চরিত্র ‘জয়াম্মা’র ভূমিকায় অভিনয় করছেন তিনি। এছাড়া ‘দ্য মামি’ চলচ্চিত্র খ্যাত হলিউড অভিনেতা আর্নল্ড ভসলোকে এ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে দেখা যাবে। আসন্ন দশেরা উৎসব উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।