ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অবশেষে তাদের সাত বছরের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিয়েছেন। রাজস্থানের উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে এই তারকা দম্পতি এখন হায়দরাবাদে অবস্থান করছেন। আগামী ৪ মার্চ হায়দরাবাদে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিয়ের পর নবদম্পতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিজয় দেবেরাকোন্ডা জানান, সেই সময়টি তাদের জন্য অত্যন্ত সম্মানজনক ছিল। সাক্ষাতে ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্য নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নবদম্পতিকে আশীর্বাদ করার পাশাপাশি বিজয়ের বাবা-মায়ের উদ্দেশে একটি বিশেষ চিঠিও প্রদান করেন।
অন্যদিকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দম্পতিকে আশীর্বাদস্বরূপ একটি গণেশ মূর্তি উপহার দেন। বিজয় জানান, উপহারটি বর্তমানে তাদের বাড়ির প্রার্থনাকক্ষে রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় সিনেমা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উদয়পুরে অত্যন্ত ঘরোয়া কিন্তু আভিজাত্যপূর্ণ পরিবেশে বিয়ে সেরেছেন বিজয় ও রাশমিকা। আধুনিক সাজসজ্জার পরিবর্তে কয়েক দশকের পুরোনো ঐতিহ্যবাহী ‘প্রাইমাল’ রীতিতে সাজানো হয় তাদের বিয়ের মণ্ডপ। মাটির উপাদান, ফুল ও কলাপাতা দিয়ে সাজানো সেই আয়োজনে তেলুগু ও কোডাভা দুই বিশেষ রীতি মেনে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়ের দিন বিজয়ের পরনে ছিল ঐতিহ্যবাহী উত্তরীয় ও স্বর্ণালঙ্কার এবং রাশমিকা সেজেছিলেন সাবেকি ঘরানার গহনা ও পোশাকে। ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে সম্পন্ন এই বিয়ে ইতোমধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।