বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান শুধু অভিনয় দিয়েই নয়, ব্যক্তিত্ব ও বিনয়ী আচরণ দিয়েও সহকর্মীদের মন জয় করে চলেছেন। এবার কিং খানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অভিনেতা বিবেক ওবেরয়। তিনি বলেছেন, এত বড় তারকা হয়েও শাহরুখের মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন বিবেক। তিনি জানান, স্কুল-কলেজ জীবন থেকেই শাহরুখ খানের অভিনয়ের ভক্ত ছিলেন। সময়ের সঙ্গে ব্যক্তিগতভাবে তাকে চেনার সুযোগ হয়েছে, আর সেই অভিজ্ঞতা তাকে আরও বেশি মুগ্ধ করেছে।

বিবেক ওবেরয় বলেন, “আমি শাহরুখ খানের বড় ভক্ত। স্কুল-কলেজের সময় থেকেই তার সিনেমা দেখতে ভালোবাসি। শুধু অভিনয় নয়, জীবন ও নানা বিষয় নিয়ে তার ভাবনাও আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। পরে তাকে বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং পথপ্রদর্শক হিসেবে জানার সুযোগ হয়েছে।”

শাহরুখের বিনয়ী স্বভাবের একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “তিনি সবসময় আমাকে শুধু ভালোবাসাই দিয়েছেন। আমি অন্যদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে ভালোবাসি। শাহরুখের মতো মানুষ সত্যিই অসাধারণ। তিনি এত বড় মাপের তারকা, তবুও এক অনুষ্ঠানে ছোটদের সঙ্গে মাটিতে বসে সময় কাটিয়েছিলেন। বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের সঙ্গে গল্প করেছেন। সত্যিই তিনি মন জিতে নিয়েছেন।”

জানা গেছে, ওই অনুষ্ঠানে নিজের ছোট ছেলে আব্রামের সঙ্গে অন্য শিশুদের মতোই মাটিতে বসেছিলেন শাহরুখ খান। উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে স্বাভাবিকভাবে সময় কাটিয়ে তিনি প্রমাণ করেছেন, জনপ্রিয়তার শীর্ষে থাকলেও সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়াই তার স্বভাব।

বিবেকের মতে, একজন বিশ্বখ্যাত তারকা হয়েও মানুষের সঙ্গে এমন আন্তরিক আচরণই শাহরুখ খানকে অন্যদের থেকে আলাদা করে এবং কোটি ভক্তের হৃদয়ে বিশেষ জায়গা করে দিয়েছে।