দেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান গিটারবাদক ইব্রাহিম আহমেদ কমল আর কোনো লাইভ কনসার্ট বা শো-তে পারফর্ম করবেন না। কানের গুরুতর অসুস্থতা এবং সাম্প্রতিক ওপেন এয়ার কনসার্টের চরম অব্যবস্থাপনার কারণে তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের শারীরিক অবস্থা এবং দেশের কনসার্ট সংস্কৃতির নানা খামতি নিয়ে খোলাখুলি মুখ খুলেছেন কমল। নিজের বর্তমান শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে তিনি লেখেন, “আমার কানের খুবই খারাপ অবস্থা। কানের ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন আর কোনো শো করব না।” এছাড়া গ্রীষ্মকালে ওপেন ইয়ার কনসার্টগুলোতে পারফর্ম করতে গিয়ে প্রায়ই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানান। চলতি জুলাই মাসে দুটো শো করার পর তিনি এতটাই ডিহাইড্রেটেড এবং অসুস্থ হয়ে পড়েছিলেন যে, পরদিন তাঁকে ইমারজেন্সিতে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিল।

এই আকস্মিক অসুস্থতার কারণে ব্যান্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সফরও মিস করেছেন এই কিংবদন্তি গিটারিস্ট। আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, “এর ফল হিসেবে আমি ওয়ারফেজের ইউকে ট্যুরে প্লেনে উঠতে পারলাম না।”

পোস্টে দেশের কনসার্ট আয়োজকদের অপেশাদারিত্ব নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কমল। গ্রীষ্মকালীন ওপেন এয়ার কনসার্টে স্টেজে পারফরমারদের জন্য পর্যাপ্ত পানি, স্যালাইন, ফ্যান, ইলেকট্রিক কুলার এবং পোর্টেবল এসির ব্যবস্থা রাখার তাগিদ দিয়েছেন তিনি। পাশাপাশি স্টেজে অবাঞ্ছিত মানুষের আনাগোনা বন্ধ করারও দাবি জানান। সংগীতকে পেশা হিসেবে নেওয়া তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি উঠতি মিউজিসিয়ানদের নিজেদের অধিকার ও সুযোগ-সুবিধার ব্যাপারে কঠোর হওয়ার পরামর্শ দেন। পরিশেষে, দেশের শিল্পী ও সংগীতজ্ঞদের প্রতি শ্রদ্ধা ও যত্ন নেওয়ার আকুতি জানিয়ে কমল বলেন, “স্টেজে উঠে আমরা মাথার ঘাম পায়ে ফেলে পারফর্ম করি। আপনারা আমাদেরকে দয়া করেন।”