"তুমি ৩০ তারিখে আসবা, না হয় ৩২ তারিখে আসবা, ঠিক আছে?" মোবাইল বিজ্ঞাপনের এই চিরচেনা সংলাপটির কথা মনে আছে? কিংবা জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এফএনএফ’-এর সেই চঞ্চল ও বুদ্ধিমান শিশু ‘রোহান’কে? বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে একসময় লাখ লাখ দর্শকের মন জয় করে নেওয়া সেই শিশুশিল্পী পিদিম এখন আর ছোটটি নেই। দীর্ঘ ১০ বছর ধরে অভিনয়ের আলো থেকে দূরে থাকা পিদিম এখন পা রেখেছেন বয়সের নতুন ধাপে, পড়াশোনা করছেন বিশ্ববিদ্যালয়ে।
পরিচালক বাবা আলী ফিদা আকরাম তোজোর সুবাদে ছোটবেলা থেকেই শুটিং সেটে যাতায়াত ছিল পিদিমের। মাত্র দেড় বছর বয়সে মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে অভিনয়ের জগতে প্রবেশ তাঁর। এরপর ‘এফএনএফ’ ধারাবাহিকের পাশাপাশি শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় আরিফিন শুভর শৈশবের চরিত্রে কাজ করে ব্যাপক প্রশংসা পান তিনি। তবে ২০১৬ সালে সবশেষ কাজ করার পর পড়াশোনায় মনোযোগ দিতে অভিনয় থেকে দূরত্ব বজায় রাখা শুরু করেন পিদিম। ও ও এ লেভেল শেষ করে বর্তমানে তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) পড়াশোনা করছেন।
দীর্ঘ এক দশক কাজের বাইরে থাকায় পথচলতি দর্শকেরা আগের মতো হুট করে চিনতে না পারলেও, সামাজিক মাধ্যমে এখনো তাঁর পুরনো নাটকের দৃশ্য কিংবা সংলাপ ভাইরাল হতে দেখে বেশ শিহরিত হন পিদিম। অভিনয় দূরে থাকলেও এই শিল্পের প্রতি আগ্রহটা তাঁর মনে আগের মতোই রয়ে গেছে। সুযোগ এবং ব্যাটে-বলে মিললে আবার অভিনয়ে ফেরার ইতিবাচক ইচ্ছার কথাও প্রকাশ করেছেন তিনি। আপাতত গান, নাচ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা নিয়েই কাটে তাঁর ব্যস্ত দিন।