অর্জুন রামপালের সঙ্গে বিয়ের পর নতুন করে আলোচনায় এসেছেন গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। তবে অভিনেতার স্ত্রী পরিচয়ের বাইরেও তাঁর রয়েছে নিজস্ব পরিচিতি। দক্ষিণ আফ্রিকায় বেড়ে ওঠা গ্যাব্রিয়েলা ১৬ বছর বয়সে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। পরে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করে মডেলিংয়ের পাশাপাশি ফ্যাশন ডিজাইনার, অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
গ্যাব্রিয়েলা গৌতেংয়ের সানিসাইডে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেন। মডেলিং ক্যারিয়ারে বিভিন্ন ফ্যাশন শো, ম্যাগাজিনের ফটোশুট ও আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রচারণায় কাজ করেছেন তিনি। ভারতে আসার পর তাঁর ক্যারিয়ার আরও বিস্তৃত হয়। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাঁকে।
অভিনেত্রী হিসেবে গ্যাব্রিয়েলার কাজের তালিকায় রয়েছে ‘ইশক ঝামেলা’, ‘সোনালি কেবল’ এবং তেলেগু-তামিল সিনেমা ‘ওপ্পিরি’। তবে অভিনয়ের চেয়ে ফ্যাশন ব্যবসাতেই বেশি মনোযোগ দিয়েছেন তিনি।
২০১২ সালে নারীদের জন্য রেডি-টু-ওয়্যার পোশাকের ব্র্যান্ড ‘ডেমি’ প্রতিষ্ঠা করেন গ্যাব্রিয়েলা। এর মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় উদ্যোক্তা হিসেবে নিজের অবস্থান তৈরি করেন তিনি। পরবর্তী সময়ে আরও একটি ব্র্যান্ড চালু করেন, যেখানে বাছাই করা পুরোনো পোশাক বিক্রির মাধ্যমে ‘সার্কুলার ফ্যাশন’-কে উৎসাহিত করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় গ্যাব্রিয়েলা। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় সাত লাখ। সেখানে ফ্যাশন, ভ্রমণ, সন্তান ও পারিবারিক জীবনের বিভিন্ন মুহূর্ত নিয়মিত শেয়ার করেন তিনি।
প্রেম থেকে বিয়ে
অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু ২০১৮ সালে। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। সম্প্রতি গোয়ার বারদেজ সাবরেজিস্ট্রার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে নিবন্ধন করেছেন তাঁরা।
এর আগে রিয়া চক্রবর্তীর পডকাস্টে নিজেদের বাগ্দানের কথা জানিয়েছিলেন অর্জুন। পডকাস্টের ট্রেলারে রিয়া তাঁদের অভিনন্দন জানিয়ে ‘শহরের সবচেয়ে কুল দম্পতি’ বলেও উল্লেখ করেন।
সেই কথোপকথনে ভালোবাসা নিয়ে নিজের ভাবনাও জানিয়েছিলেন গ্যাব্রিয়েলা। তাঁর মতে, সম্পর্কে ভালোবাসার সঙ্গে অনেক সময় বিভিন্ন শর্ত জড়িয়ে থাকে। তবে সন্তান আসার পর সেই সমীকরণ অনেকটাই বদলে যায়।
অর্জুনও তাঁদের সম্পর্কের শুরুর দিকের কথা বলতে গিয়ে রসিকতা করে জানিয়েছিলেন, প্রথমে গ্যাব্রিয়েলার সৌন্দর্য তাঁকে আকৃষ্ট করেছিল। পরে বুঝতে পারেন, তাঁদের সম্পর্ক শুধু শারীরিক আকর্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে আরও গভীর এক বন্ধন।
দুই সন্তানের মা
অর্জুন ও গ্যাব্রিয়েলার দুই ছেলে, আরিক ও আরাভ। ২০১৯ সালে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান আরিক। ২০২৩ সালে তাঁদের দ্বিতীয় সন্তান আরাভের জন্ম হয়।
মডেলিং, ফ্যাশন ব্যবসা ও উদ্যোক্তার কাজের পাশাপাশি সন্তানদের বড় করাও গ্যাব্রিয়েলার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন সময় মাতৃত্ব ও নিজের পেশাগত আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য রাখার বিষয়েও কথা বলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানদের সঙ্গে তাঁর বিভিন্ন মুহূর্তও নিয়মিত দেখা যায়।
অর্জুনের প্রথম সংসার
গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সাবেক সুপারমডেল ও উদ্যোক্তা মেহর জেসিয়ার সঙ্গে সংসার ছিল অর্জুন রামপালের। ১৯৯৮ সালে তাঁদের বিয়ে হয়। এই দম্পতির দুই মেয়ে মাহিকা ও মাইরা।
২০১৮ সালে বিচ্ছেদের ঘোষণা দেন অর্জুন ও মেহর। সে সময় তাঁরা জানিয়েছিলেন, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৯ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট রয়েছে বলে একাধিকবার জানিয়েছেন অর্জুন। সন্তানদের দেখভালের ক্ষেত্রেও দুজন মিলে দায়িত্ব পালন করেন বলে জানিয়েছেন তিনি।