সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রোলারদের কড়া জবাব দেওয়ার পাশাপাশি ভক্তদের উদ্দেশে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অরিজিৎ সিং। পোস্টে তিনি লেখেন, “এই লেখা আমার শ্রোতাদের জন্য। যারা আমার শ্রোতা নন, তাদের পড়ার প্রয়োজন নেই। অনুরাগীদের বলতে চাই, আমি তোমাদের অসম্ভব ভালোবাসি। এই কঠিন পৃথিবীতে তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত ও কৃতজ্ঞ। প্লেব্যাক থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছি ঠিকই, তবে হাতে থাকা কাজগুলো আমি শেষ করব।”

ট্রোলারদের প্রসঙ্গে তিনি বলেন, নতুন প্রজেক্ট নেওয়া তিনি অনেক আগেই বন্ধ করেছেন। তবে আগে থেকে চুক্তিবদ্ধ কাজের তালিকা এখনো কম নয়। যারা কটাক্ষ করছে, তাদের কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। হাতে থাকা কাজ শেষ করতে এ বছরের শেষ কিংবা আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে। তাই অযথা তর্কে না জড়িয়ে শান্ত থাকার অনুরোধ জানান তিনি।

২০০৫ সালে রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে যাত্রা শুরু হলেও বলিউডে অরিজিতের অভিষেক হয় ‘মার্ডার ২’ সিনেমার ‘ফির মহব্বত’ গানের মাধ্যমে। এরপর একের পর এক গানে তিনি হয়ে ওঠেন মন ভালো করা আর হৃদয়ভাঙার গল্পের কণ্ঠ, কোটি মানুষের ভরসা।

বয়স এখনো চল্লিশ পেরোয়নি, সামনে রয়েছে দীর্ঘ সোনালি ক্যারিয়ার। এমন সময়ে প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ভক্তদের জন্য সহজ নয়। তবে গায়ক স্পষ্ট করে দিয়েছেন, তিনি কেবল সিনেমার জন্য গান গাওয়া বন্ধ করছেন। সংগীতের সঙ্গে তার পথচলা থামছে না।