বলিউডের জনপ্রিয় রহস্য-রোমাঞ্চকর থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফিরছেন নির্দেশক সুজয় ঘোষ। তবে এবার সিনেমাটির গল্প ও কাস্টিঙে আসছে বড় ধরনের পরিবর্তন। ‘কাহানি থ্রি’ সিনেমায় থাকছেন না এই ফ্র্যাঞ্চাইজির চেনা মুখ বিদ্যা বালান। তাঁর জায়গায় মূখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার বরাতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পূর্ববর্তী দুই পর্বের গল্পের সরাসরি ধারাবাহিকতা এই সিনেমায় থাকছে না। তবে ফ্র্যাঞ্চাইজিটির পরিচিত রহস্যময় আবহ ধরে রেখে একেবারে নতুন এক গল্প ফুটিয়ে তোলা হবে। পুরোনো সাফল্যকে অন্ধভাবে অনুকরণ না করে ফ্র্যাঞ্চাইজির ভাবাবেগ ঠিক রেখে ভিন্নমাত্রার থ্রিলার তৈরির পরিকল্পনা করছেন নির্মাতারা।

চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্যমতে, ‘কাহানি থ্রি’র গল্প হবে সম্পূর্ণ নতুন ও চমকপ্রদ। এতে ইয়ামি গৌতম-কে এক অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাবেন দর্শকেরা। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশন বা প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ চলছে এবং শিগগিরই এর শুটিংয়ের তারিখ চূড়ান্ত করা হবে।

পরিচালক সুজয় ঘোষ জানান, ফ্র্যাঞ্চাইজিটির মূল অনুভূতি ধরে রেখে নতুন গল্প বলার দিকেই তাঁর পুরো মনোযোগ। এই প্রজেক্টে ইয়ামি গৌতমের অন্তর্ভুক্তিতে পুরো টিমই বেশ উৎসাহিত।

উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া সুজয় ঘোষের কালজয়ী থ্রিলার ‘কাহানি’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। গর্ভবতী নারীর ছদ্মবেশে কলকাতায় এসে নিখোঁজ স্বামীকে খোঁজার রহস্যময় সেই গল্প দর্শক ও সমালোচক উভয় মহলেই ব্যাপক প্রশংসিত হয়েছিল। পরবর্তীতে ২০১৬ সালে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি ‘কাহানি টু: দুর্গা রানী সিং’। বিদ্যা বালান ও অর্জুন রামপাল অভিনীত সেই ছবিটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল।