সাউথ সুপারস্টার যশ এবং বলিউড ডিভা কিয়ারা আদভানির বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর প্রথম গান ‘তাবাহি’ মুক্তি পেয়েছে। গানটি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া। যশের নতুন লুক এবং কিয়ারার সাথে তাঁর রসায়ন যেমন প্রশংসা কুড়াচ্ছে, তেমনি গানের কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
বিশাল মিশ্রের গাওয়া ও সুর করা এই রোমান্টিক গানটিতে যশ ও কিয়ারার চরিত্রকে একে অপরের প্রতি গভীরভাবে আকৃষ্ট হতে দেখা গেছে। গির্জার বাইরে কিয়ারাকে কোলে তুলে নেওয়া, সার্কাসের মঞ্চের পেছনে চুম্বন দৃশ্য, গাড়ির ভেতর এবং সমুদ্রসৈকতসহ বিভিন্ন জায়গায় তাঁদের বেশ কিছু সাহসী ও ঘনিষ্ঠ মুহূর্ত স্ক্রিনে ফুটিয়ে তোলা হয়েছে। গানের শেষ দৃশ্যে দুজনকে আগুনে পুড়তে থাকা একটি কার্নিভ্যালের ফেরিস হুইলে দেখা যায়।
গানটি প্রকাশের পর ভক্তদের একটি বড় অংশ যশের অভিব্যক্তি ও নতুন শরীরী ভাষার প্রশংসা করেছেন। অনেকেই মনে করছেন, দৃশ্যগুলো সাহসী হলেও এর মধ্যে একধরনের তীব্র আবেগ জড়িয়ে আছে, যা কোথাও অশালীন মনে হয়নি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অংশ এই গানটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ভিডিওতে প্রেম ও ঘনিষ্ঠ দৃশ্যের আধিক্য নিয়ে প্রশ্ন তুলে এক দর্শক মন্তব্য করেছেন, ‘কেজিএফ’-এর পর এটি একটি বড় হতাশা এবং পুরো পরিবার বা শিশুদের নিয়ে বসে দেখার মতো ছবি এটি হবে না। অনেকেই ছবির মূল গল্প বাদ দিয়ে শুধু প্রেম ও যৌন আবেদনকে প্রচারের হাতিয়ার করার সমালোচনা করেছেন। এর আগে ছবিটির প্রথম টিজার প্রকাশের পরও দৃশ্যপট অতিরিক্ত অশালীন হওয়ার অভিযোগে বিতর্ক তৈরি হয়েছিল।
গীতু মোহনদাস পরিচালিত ও যশের যৌথ স্ক্রিপ্টে নির্মিত এই তারকাখচিত সিনেমায় যশ ও কিয়ারা ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। সব সমালোচনা ও বিতর্কের মাঝেই আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘টক্সিক’ সিনেমাটির।