ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন আপস’ ঘিরে শুরু হয় তীব্র আলোচনা ও বিতর্ক। পোস্টারে নারীদের উপস্থাপন নিয়ে সমালোচনা ওঠে, যেখানে একাংশ দর্শকের অভিযোগ ছিল, নারী চরিত্রকে শুধুই যৌনতার উপাদান হিসেবে দেখানো হয়েছে। এই বিতর্কে ছবির পরিচালক গীতু মোহনদাসও সমালোচনার মুখে পড়েন।
এবার পুরো বিষয় নিয়েই মুখ খুললেন অভিনেতা যশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ছবির ফার্স্ট লুক নিয়ে নানা ধরনের আলোচনা হলেও পরিচালক গীতু মোহনদাস মূলত নারীর দৃষ্টিভঙ্গি থেকেই গল্পটি উপস্থাপন করেছেন।
যশ বলেন, পুরুষ পরিচালকদের সঙ্গে কাজের অভিজ্ঞতার তুলনায় গীতুর সঙ্গে কাজ ছিল একেবারেই ভিন্ন এবং নতুন অভিজ্ঞতা। তিনি আরও বলেন, ভারতে বড় বাজেটের অ্যাকশন সিনেমা সাধারণত পুরুষ পরিচালকদের হাতেই তৈরি হয়, যেখানে ‘টক্সিক’ একটি ব্যতিক্রমী প্রয়াস।
তার ভাষায়, “অ্যাকশন ছবি মানেই আমরা সাধারণত পুরুষ পরিচালকদের কথা ভাবি। বহুদিন ধরেই এমনটা চলছে। কিন্তু এবার যদি লড়াইয়ের গল্প নারীর দৃষ্টিভঙ্গিতে বলা হয়, সেটা অবশ্যই নতুন কিছু।”
‘কেজিএফ’ খ্যাত এই অভিনেতা আরও জানান, ছবিতে প্রেম, আবেগ ও সংবেদনশীলতাকে ভিন্নভাবে তুলে ধরেছেন গীতু মোহনদাস। তার মতে, পরিচালকের চিন্তাভাবনা স্পষ্ট এবং তার কাজের মধ্যে নতুনত্ব রয়েছে।
যশ বলেন, “উনি অসাধারণ লেখিকাও। আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। আকাঙ্ক্ষা, প্রেম বা আবেগ এসব একজন নারী সম্পূর্ণ ভিন্নভাবে প্রকাশ করতে পারেন, যা এই ছবিতেও প্রতিফলিত হয়েছে।”
উল্লেখ্য, ‘টক্সিক’ ছবিটি প্রথমে চলতি বছরের ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও পরে তা পরিবর্তন করে নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ জুন।