দক্ষিণি সুপারস্টার যশের বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির পর থেকেই প্রতিনিয়ত কোনো না কোনো কারণে সংবাদের শিরোনাম দখল করে চলেছে। তবে এবার বক্স অফিস সাফল্যের চেয়ে ভিন্ন এক বিতর্কে জড়ালেন অভিনেতা ও সিনেমাটির প্রযোজনা সংস্থা। ছবিটির নেতিবাচক রিভিউ দেওয়া ও তীব্র সমালোচনা করার অভিযোগে একাধিক পরিচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠানো শুরু হয়েছে। সমালোচকদের মুখ বন্ধ করতেই এই পদক্ষেপ এমন অভিযোগে তোলপাড় শুরু হয়েছে বিনোদনপাড়ায়।
গীতু মোহনদাস পরিচালিত মেগাবাজেটের এই সিনেমায় অনাবশ্যক সহিংসতা, দুর্বল চিত্রনাট্য এবং নারীদের অবমূল্যায়নের অভিযোগ তুলেছেন অনেক চলচ্চিত্র সমালোচক। তবে চিত্রনাট্যের এসব ঘাটতি নিয়ে কথা বলতেই ইউটিউবারদের কাছে পৌঁছাতে শুরু করেছে আইনি চিঠি। ‘মুরুগল রোস্ট’ খ্যাত প্রশান্ত রঙ্গস্বামী ও সুরাজ কুমারের মতো রিভিউয়াররা ইমেইলে নোটিশ পাওয়ার কথা প্রকাশ করে ক্ষোভ ঝেরেছেন। ‘আইপ্লেক্স সফটওয়্যার প্রাইভেট লিমিটেড’ নামের এক আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে বিতর্কিত কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হচ্ছে, যা দেখে অনেক নেটিজেনই বলছেন পর্দায় নায়কের চরিত্র করলেও বাস্তবে সমালোচনা সহ্য করার মানসিকতা নেই নির্মাতাদের।
উল্লেখ্য, গত ২২ আগস্ট ব্যাঙ্গালুরুর একটি আদালত ‘টক্সিক’-এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো বন্ধে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন নির্দেশ দিলেও গঠনমূলক ও নিরপেক্ষ সমালোচনাকে এর বাইরে রেখেছিলেন। আদালত নিরপেক্ষ রিভিউয়ের অনুমতি দেওয়া সত্ত্বেও সাধারণ রিভিউয়ারদের ঢালাওভাবে নোটিশ পাঠানো নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। তবে এই আইনি ঝামেলার মাঝেই সিনেমাটির বাণিজ্য অব্যাহত রয়েছে এবং প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে এটি প্রায় ২০০ কোটি রুপির ঘর ছুঁইছুঁই ব্যবসা করে নিয়েছে।