সামাজিক মাধ্যমে চোখ রাখলেই যেন চারপাশের অপরাধ, খুন ও সহিংসতার খবর ভিড় করে আসছে। ভার্চ্যুয়াল জগতের এমন ভীতিকর ও নেতিবাচক পরিস্থিতিতে সারা দেশবাসীর মতো গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।
সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে এক বার্তার মাধ্যমে এই হতাশা ব্যক্ত করেন মম। তিনি লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।’
জনপ্রিয় ভারতীয় ক্রাইম ফ্র্যাঞ্চাইজি ‘ক্রাইম পেট্রোল’-এ বাস্তব জীবন থেকে নেওয়া নৃশংস সব অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরা হয়। ফেসবুকে প্রতিনিয়ত ছড়িয়ে পড়া অপরাধমূলক খবরের ভয়াবহতা বোঝাতেই মম প্রতীকী অর্থে এই শোর সঙ্গে সামাজিক মাধ্যমের তুলনা করেছেন। অভিনয়ের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যু ও নিজের অনুভূতি নিয়ে সোচ্চার থাকা এই অভিনেত্রী আরও একবার ভার্চ্যুয়াল জগতের সহিংস চিত্র তুলে ধরে সবার সুরক্ষা কামনা করলেন।