বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নি এবং অভিনেত্রী জেইন মেরি খান তার দাম্পত্য কলহের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। ২০২১ সালে আকাশ মহিমেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই অভিনেত্রী বর্তমানে ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করছেন বলে জানা গেছে। সিয়াসাত ডট কমের তথ্যমতে, সম্পর্কের টানাপোড়েনের কারণে জেইন সাময়িকভাবে তাদের মুম্বাইয়ের বাড়ি ছেড়েছেন। তবে বিচ্ছেদ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
গণমাধ্যমের প্রশ্নের জবাবে জেইন এই বিষয়টিকে ‘অত্যন্ত ব্যক্তিগত’ বলে অভিহিত করেছেন এবং ভিত্তিহীন আলোচনা না করার অনুরোধ জানিয়েছেন। ব্যক্তিগত জীবনের চেয়ে বড় সামাজিক ইস্যু যেমন ভারতের ট্রান্স বিল এবং গাজায় চলমান মানবিক সংকটের দিকে নজর দিতে তিনি ভক্তদের আহ্বান জানান। জেইন মেরি খান ‘মিসেস সিরিয়াল কিলার’ ও ‘মনিকা, ও মাই ডার্লিং’ ছবিতে অভিনয়ের জন্য সমাদৃত। বর্তমানে তিনি ‘ডাকাত: এক প্রেম কথা’ সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রের প্রস্তুতি নিচ্ছেন এবং শীঘ্রই তেলেগু সিনেমায় অভিষেক করতে যাচ্ছেন।