প্রায় দুই মাস আগে নিজের পছন্দের মানুষ উপস্থাপক রাফসান সাবাবকে বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান। বিয়ের আসরেই তার বন্ধু গায়ক প্রীতম হাসান মজার ছলে জানান, জেফার বরাবরই একটু উড়নচণ্ডী স্বভাবের ছিলেন এবং একসময় বিয়ে না করার কথাও বলতেন।

তাই অনেকেরই কৌতূহল ছিল বিয়ের পর কেমন কাটছে জেফারের নতুন জীবন। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপে সে কথাই জানালেন এই গায়িকা।

জীবনের নতুন অধ্যায় নিয়ে জেফার রহমান বলেন, বিয়ের পরের সময়টা তিনি বেশ উপভোগ করছেন। কাজের প্রতি তিনি সবসময়ই মনোযোগী ছিলেন। তাই তার জীবনে এমন একজন সঙ্গীর প্রয়োজন ছিল, যিনি তাকে বুঝবেন এবং সবসময় পাশে থাকবেন। সেই সাপোর্টিভ সঙ্গী হিসেবে রাফসান সাবাবকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।

বিয়ের আয়োজন সম্পর্কে জেফার জানান, তারা চেয়েছিলেন খুব কাছের মানুষদের নিয়ে ছোট পরিসরে এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে। ঠিক সেইভাবেই আয়োজন করা হয়েছিল। তার মতে, বিয়ের প্রতিটি অনুষ্ঠান তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। বন্ধু ও পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিয়ের পর জীবনে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও জানান এই গায়িকা। তার ভাষায়, এখন জীবনটা অনেক সহজ মনে হয়। দুজন দুজনকে সমর্থন করেন, একে অপরের পার্থক্যগুলোকে সম্মান করেন। অবসর সময়ে বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানো, ভ্রমণ করা এবং সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতেই ভালোবাসেন তারা।

কাজের ক্ষেত্রেও গত বছরটি জেফারের জন্য ছিল বেশ সফল। তাণ্ডব সিনেমায় তার গাওয়া ‘লিচুর বাগানে’ গানটি বেশ আলোচনায় আসে। এছাড়া ‘দাগী’ ও ‘ইনসাফ’ সিনেমাতেও তার গাওয়া গান দর্শকদের প্রশংসা পেয়েছে।

তবে আসন্ন ঈদের সিনেমাগুলোতে তার কোনো গান থাকছে না বলে জানিয়েছেন জেফার। অন্যদিকে পরিচালক শিহাব শাহীন–এর একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। সেখানে তার বিপরীতে আছেন প্রীতম হাসান। খুব শিগগিরই এটি মুক্তি পাবে বলে জানা গেছে।