কাজের পেছনে ছুটতে গিয়ে জীবনের একটা দীর্ঘ সময় কীভাবে হাতছাড়া হয়ে গেছে, সেই বেদনাদায়ক উপলব্ধি নিয়ে সম্প্রতি আবেগাপ্লুত হয়েছেন বলিউড অভিনেতা আমির খান। সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে তিনি জানান, দীর্ঘ ৩০ বছর কাজের নেশায় বুঁদ হয়ে থাকার কারণে পরিবার ও সন্তানদের কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি।

উৎসবে স্ক্রিন আইকন পুরস্কার গ্রহণের পর এক আলোচনায় করোনাকালের একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেন ৬১ বছর বয়সী এই অভিনেতা। তিনি জানান, সেই দিনগুলোতে একা বসে উপলব্ধি করেছিলেন যে পাগলের মতো কাজ করতে গিয়ে তিনি সম্পর্কগুলো হারিয়ে ফেলেছেন। কথাগুলো বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি এবং তাঁর চোখে জল চলে আসে। তবে এই উপলব্ধি আরও দেরিতে হলে আরও বড় ক্ষতি হতো উল্লেখ করে তিনি বলেন, ৫৬ বছর বয়সে বিষয়টি বুঝতে পেরেছেন বলেই নিজেকে সৌভাগ্যবান মনে করেন, কারণ ৮৬ বছরে বুঝলে তা শুধরে নেওয়ার কোনো সুযোগ থাকত না।