দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি জানান তিনি।

মেঘনা লেখেন, ‘২ মাসের জন্য আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। আসিফের ওপর ভরসা না থাকলেও, এক্ষেত্রে দেশের মানুষের আমার ওপর ভরসা আছে!’

এর আগে একই দিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে ফেসবুকে পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি লেখেন, ‘না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

পরবর্তী সময়ে আরেক পোস্টে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় নিজের বিকল্প হিসেবে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার নামও প্রস্তাব করেন আসিফ। তাঁর এই মন্তব্যের রেশ ধরেই মেঘনা আলমের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাওয়ার পোস্টটি আসে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।