২২৬ কোটি টাকার বেশি ব্যাংকঋণের খবর প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনায় এসেছেন ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল। এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এমন পরিস্থিতিতে অনন্তের পাশে দাঁড়িয়ে তাঁর ওপর আস্থা প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানী।

সোমবার (১৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ওমর সানী। সেখানে অনন্তকে ভালো মনের মানুষ ও লড়াকু ব্যক্তি উল্লেখ করে তিনি বলেন, চলমান পরিস্থিতি সামলে নেওয়া তাঁর জন্য কঠিন হবে না।

ওমর সানী বলেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি ভালো মনের মানুষ এবং খুব ভালো একজন ফাইটার। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এটা তার কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। তিনি বিষয়টি সামলে ফেলবেন।’

অনন্তকে নিয়ে অতিরিক্ত আলোচনা করে তাঁকে ছোট করার কোনো অর্থ নেই বলেও মন্তব্য করেন সানী। ভিডিও বার্তায় তাঁকে দ্রুত পরিস্থিতি সমাধানের শুভকামনা জানান এই অভিনেতা। পাশাপাশি অনন্তের স্ত্রীকে নিজের ছোট বোনের মতো জানেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে অভিনয়ে আগের মতো নিয়মিত নন ওমর সানী। বর্তমানে রেস্তোরাঁ ব্যবসা নিয়েই ব্যস্ত সময় কাটছে তাঁর। নিজের ব্যবসা নিয়েও বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়তে হয় বলে জানান অভিনেতা। তবে সমালোচনায় গুরুত্ব না দিয়ে কাজ চালিয়ে যাওয়াতেই বিশ্বাসী তিনি।