স্ত্রীর সাফল্য নিয়ে অনেক পুরুষের মধ্যে একধরনের মানসিকতা কাজ করে বলে মনে করেন অভিনেত্রী দীপা খন্দকার। তাঁর মতে, অধিকাংশ পুরুষই চান স্ত্রী ভালো কিছু করুক, তবে স্বামীর চেয়ে ভালো অবস্থানে পৌঁছাক, তা চান না।
সম্প্রতি এক পডকাস্টে বিয়ে ও দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে গিয়ে দীপা বলেন, ‘আমার মনে হয়, ৯০ শতাংশ পুরুষ তার জীবনসঙ্গীকে ভালো অবস্থানে দেখতে পছন্দ করেন না। সবাই চায়, আমার বউ ভালো কিছু করুক কিন্তু আমার চেয়ে ভালো না।’
শুধু বিনোদন অঙ্গন নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রেই এমন মানসিকতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে নিজের বিয়ের একটি অভিজ্ঞতাও তুলে ধরেন অভিনেত্রী। জানান, একবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক চিকিৎসকের সঙ্গে তাঁর বিয়ের কথা হয়েছিল। তখন মায়ের কাছে জানতে চেয়েছিলেন, বিয়ের পর ওই ব্যক্তির সঙ্গে কী নিয়ে কথা বলবেন।
দীপা মনে করেন, ব্যক্তিত্বের সংঘাত শুধু গণমাধ্যম বা বিনোদন অঙ্গনের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। যেকোনো পেশা ও সম্পর্কেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে। এ ক্ষেত্রে পারিবারিক শিক্ষা ও সময়কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।