বিশ্ব চিঠি দিবস (১ সেপ্টেম্বর) উপলক্ষে এক ব্যতিক্রমী কৌতুক ও সাংস্কৃতিক আয়োজনের ঘোষণা দিয়ে নজর কেড়েছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। খাকি পোশাক, মাথায় টুপি আর হাতে চিঠির বান্ডিল নিয়ে ডাকপিয়নের সাজে প্রথম আলো কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি বিশেষ এই আয়োজনের দাওয়াত পৌঁছে দেন। রনির কমেডি স্কুল ‘হেডমাস্টার’-এর উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লাফ লেটার’ শিরোনামের এই বিশেষ অনুষ্ঠান।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ডিজিটাল বার্তার ভিড়ে হারিয়ে যাওয়া চিঠির আবেগ ও অনুভূতিকে নতুন করে স্মরণ করা। চিঠি নিয়ে নিজের রঙিন স্মৃতির কথা বলতে গিয়ে রনি জানান, তরুণ বয়সে প্রেমিকার কাছে তিনি ঢিল মেরে চিরকুট পাঠাতেন। পরে চিঠি পৌঁছানোর গোপন মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো প্রেমিকার বাড়ির গরুকে যার গলার দড়িতে গোপনে চিরকুট আটকে দিতেন তিনি।

চিঠি দিবস নিয়ে দেশজুড়ে বা ডাক বিভাগে তেমন কোনো আনুষ্ঠানিকতা না দেখায় রনি নিজেই কৌতুক, গান ও কবিতার সমন্বয়ে এই আয়োজন করার সিদ্ধান্ত নেন। পুরনো প্রজন্মের হাতের চিঠির চিঠি ও নতুন প্রজন্মের ইনবক্স বার্তা দুই সময়ের অনুভূতি আদান-প্রদান করাই তাঁর প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।