পাকিস্তানি জনপ্রিয় অভিনেতা ওয়াহাজ আলী। আলোচিত নাটক ‘তেরে বিন’এ মুরতাসিম চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। নাটকটির সুবাদে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারতেও পরিচিতি পান এই অভিনেতা।

কয়েকদিন আগেই ঢাকায় আসার কথা জানিয়েছিলেন ওয়াহাজ। এবার ঢাকার একটি ফ্যাশন শোতে দেখা গেল তাকে অভিনেত্রী নুসরাত ফারিয়ার সঙ্গে। গত শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ আয়োজনে অংশ নেন ওয়াহাজ আলী। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়াও।

শোর ফাঁকে ওয়াহাজের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ফারিয়া। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘জামদানি পরে গর্বের সঙ্গে হেঁটেছি, ভালোবাসা দিয়ে প্রতিনিধিত্ব করেছি, আর স্মৃতি জমিয়েছি।’ পোস্টটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ছবিতে গাঢ় বেগুনি স্ট্র্যাপলেস লেহেঙ্গায় দেখা যায় নুসরাত ফারিয়াকে। অন্যদিকে ওয়াহাজের পরনে ছিল গাঢ় নীল ফরমাল স্যুট। তাদের একসঙ্গে দেখে ভক্তদের অনেকেই প্রশংসা করেছেন। কেউ কেউ আবার দুজনকে একসঙ্গে কাজ করারও পরামর্শ দিয়েছেন।

ওই ফ্যাশন শোতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সামানজার সাঈদসহ আরও অনেকে অংশ নেন।

২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় ওয়াহাজ আলীর। এরপর ‘ইশক জালেবি’, ‘দিল নওয়াজ’, ‘ফিতুর’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি। তবে ‘তেরে বিন’এর মুরতাসিম চরিত্রই তাকে আন্তর্জাতিক দর্শকের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়।