ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে ইদানীং পরিচিত মুখের পাশাপাশি নতুন শিল্পীদের সঙ্গেও জুটি বাঁধতে দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার নবাগতা নীহা চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন তিনি।
বসুন্ধরা হাউজিং নিবেদিত ক্যাপিটাল ড্রামার নাটক ‘ছুঁয়ে দিলাম তোমায়’-এ তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন নীহা। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। আগামী ৯ অক্টোবর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হওয়ার কথা রয়েছে।
একক নাটকে প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে নীহা চৌধুরী বলেন, ‘মডেলিংয়ের সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত থাকলেও অভিনয়ের শুরু বলতে পারেন। একক নাটকে এবারই প্রথমবার অভিনয় করেছি। শুরুতে অনেক নার্ভাস ছিলাম। তবে তৌসিফ মাহবুব ভাইয়া ও পুরো টিমের সহযোগিতায় খুব সুন্দরভাবে কাজটি শেষ করতে পেরেছি।’
তৌসিফের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বসিত নীহা। তার ভাষায়, ‘যার কাজ দেখে বড় হয়েছি, প্রথম নাটকেই তিনি আমার সহশিল্পী। ভেবেছিলাম তারকা হিসেবে হয়তো স্টারডম দেখাবেন। কিন্তু একদমই তা হয়নি। তিনি ভীষণ হেল্পফুল ও ডাউন টু আর্থ। সংলাপ বলা থেকে শুরু করে কোন দৃশ্য কীভাবে করলে ভালো হবে সবকিছুই বুঝিয়ে দিয়েছেন।’
নতুনদের সঙ্গে কাজের বিষয়ে তৌসিফ বলেন, ‘এক সময় আমিও নতুন ছিলাম। তখন আমাদেরও যদি সুযোগ দেওয়া না হতো, তাহলে আজ এই অবস্থানে আসতে পারতাম না। নতুনদের জন্য আমার সবসময় শুভকামনা থাকবে। নীহা অভিনয়ে নতুন হলেও মডেলিংয়ের অভিজ্ঞতা রয়েছে। মনোযোগ দিয়ে কাজ করলে তার মধ্যে ভালো কিছু করার সম্ভাবনা আছে।’
অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও দীর্ঘদিন ধরে যুক্ত নীহা। ২০২৪ সালের শুরুতে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। এরই মধ্যে শতাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন এই তরুণী। পাশাপাশি তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। অভিনয়কে পেশা হিসেবে এগিয়ে নিতে প্রাচ্যনাট্যে ছয় মাসের একটি কোর্সও সম্পন্ন করেছেন।
গোপালগঞ্জে জন্ম নেওয়া নীহার বেড়ে ওঠা ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। এর আগে বিটিভির একটি ধারাবাহিকেও অভিনয় করেছেন। তবে ‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকটিই তার প্রথম একক নাটক।