অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার মতো হওয়া সম্ভব নয়, আর নিজেও তা হতে চান না বলে জানিয়েছেন উদীয়মান অভিনেত্রী আফেলিন জাহান। এক সাক্ষাৎকারে অভিনয়জীবন ও সহকর্মীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গটি তুলে ধরে আফেলিন বলেন, একজনের জায়গা অন্য কেউ পুরোপুরি নিতে পারেন না। প্রত্যেকের নিজস্ব পরিচয় ও অবস্থান রয়েছে। তবে প্রভার সঙ্গে তুলনা করা হলে তিনি গর্ববোধ করেন। দর্শকদের ভালো কাজ উপহার দেওয়াই তাঁর লক্ষ্য।
অভিনয়ের শুরুর দিকের অভিজ্ঞতা জানাতে গিয়ে আফেলিন বলেন, প্রথমদিকে কিছুটা জড়তা থাকলেও সহশিল্পীদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছেন। সংলাপ শেখানোসহ অভিনয়ের বিভিন্ন বিষয়ে তাঁকে সহায়তা করেছেন সহকর্মীরা। তাঁর মতে, অভিনয় একটি দলগত কাজ।
পড়াশোনার ব্যস্ততায় একবার সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আফেলিন। সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পরও শেষ পর্যন্ত কাজটি করা হয়নি। পরে অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই নাটকে নিয়মিত কাজ করার সিদ্ধান্ত নেন তিনি। নাটকে আসার আগে রাজু আহমেদের মাধ্যমে অভিনেতা ইমনের সঙ্গে কাজের সুযোগ হয়েছিল তাঁর।
বর্তমানে একক ও ধারাবাহিক নাটকে কাজ করছেন আফেলিন। পড়াশোনার পাশাপাশি অভিনয় চালিয়ে যাওয়ার মাধ্যমে ছোট পর্দায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চান এই অভিনেত্রী।