পরীমনির সঙ্গে এক সাংবাদিকের বিতর্কের ঘটনায় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন সাদিয়া জাহান প্রভা। নিজের সঙ্গে ঘটে যাওয়া ‘ব্যাডটাচ’-এর অভিজ্ঞতা তুলে ধরে ওই সাংবাদিকের বিরুদ্ধে তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রভা।
গত ৫ নভেম্বর এক ব্যবসায়ীকে মারধরের মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তোলেন পরীমনি। এ সময় তাঁকে গালমন্দ ও হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
ভিডিও বার্তায় প্রভা বলেন, কিছু বিষয়ে কথা না বললে নিজের বিবেকের কাছে অপরাধী মনে হয়। পরীমনির বিরুদ্ধে অভিযোগ তোলা সাংবাদিককে সমর্থন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিষয়টির মুখোমুখি হওয়া প্রয়োজন।
নিজের অভিজ্ঞতা জানিয়ে প্রভা বলেন, একটি প্রসাধনীর মেলায় কয়েকজন সাংবাদিক তাঁকে ঘিরে ধরেছিলেন। তাঁদের মধ্যে একজনের মাইক্রোফোন ও হাত তাঁর শরীরের খুব কাছে চলে আসছিল। তিনি বারবার সরে গেলেও ওই ব্যক্তি কাছে আসতে থাকেন। এতে তিনি অস্বস্তি বোধ করছিলেন বলে জানান অভিনেত্রী। পরিস্থিতি আরও এগোলে ‘ব্যাডটাচ’ ঘটতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
প্রভা আরও বলেন, সাংবাদিক না হলে ওই ব্যক্তিকে স্যান্ডেল দিয়ে মারতেন। পরীমনি কাণ্ডে সংশ্লিষ্ট সাংবাদিকের ভূমিকা তদন্তেরও দাবি জানান তিনি।
তবে প্রভার ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাঁর বক্তব্যের সঙ্গে একমত হননি। ভিডিওটির মন্তব্যঘরে অভিনেত্রীর দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ও সমালোচনা করেছেন নেটিজেনদের একাংশ।