কিংবদন্তি সংগীতজ্ঞ ও চলচ্চিত্রকার খান আতাউর রহমানের ছেলে খান আসিফুর রহমান। তবে শ্রোতাদের কাছে তিনি পরিচিত আগুন নামে। নব্বইয়ের দশকে সিনেমার গানে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই শিল্পীর কণ্ঠে সালমান শাহ অভিনীত বহু সিনেমার গান দর্শক-শ্রোতার কাছে এখনও স্মরণীয়।
তবে গত এক-দেড় দশকে গানে নিয়মিত ছিলেন না আগুন। ২০২১ সালে ‘শত্রু’ সিনেমায় গান করার পর দীর্ঘ পাঁচ বছর পর আবারও সিনেমার গানে ফিরেছেন তিনি।
সম্প্রতি মোস্তাফিজুর রহমান বাবুর ‘স্বপ্নের নায়িকা’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আগুন। গানটির কথা লিখেছেন নিশাত তাসনিম ও সরয়ার হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন আনোয়ার শিকদার টিটন। এতে আগুনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা।
গানটির সংগীত পরিচালক টিটন জানান, আগুন দেশের চলচ্চিত্রের সোনালি সময়ের অন্যতম গায়ক। গানটি তৈরির সময় তাঁর কথাই মাথায় রেখেছিলেন তিনি। পরে সুর ও সংগীতায়োজন শেষে গানটি আগুনকে পাঠালে তিনি পছন্দ করেন এবং আনন্দের সঙ্গে রেকর্ডিং সম্পন্ন করেন।
উল্লেখ্য, সালমান শাহ ও মৌসুমীর প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’এর গান দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় আগুনের। এরপর ‘দোলা’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘দেনমোহর’, ‘জীবন সংসার’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘আম্মাজান’, ‘ম্যাডাম ফুলি’, ‘দুই দুয়ারী’, ‘হাছন রাজা’, ‘১ টাকার বউ’, ‘আমার আছে জল’সহ অসংখ্য সিনেমায় গান গেয়েছেন তিনি।